ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো সফরকারীরা। শুক্রবার একই মাঠে তৃতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।
টস জিতে ব্যাট করতে নেমে নাজিমউদ্দিনের অপরাজিত ৯৯ রানের পরও ৪৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’। জবাবে জোনাথন বেয়ারস্টোর অপরাজিত অর্ধশতকের সুবাদে মাত্র ৩৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড লায়ন্স।
লক্ষ্য বড় না হলেও ২৩ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বেশ চাপের মধ্যে পড়ে যায় লায়ন্স। তৃতীয় উইকেটে জেমস টেলরের (২৬) সঙ্গে ৪৮ ও চতুর্থ উইকেটে বেয়ারস্টোর সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান জেমস ভিন্স (৪৪)।
ভিন্স বিদায় নিলেও পঞ্চম উইকেটে জোসেফ বাটলারের সঙ্গে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন বেয়ারস্টো। ৫০ রানে অপরাজিত বেয়ারস্টোর পাশাপাশি ৪১ রানে অপরাজিত বাটলারও বড় অবদান রেখেছেন অতিথিদের জয়ে।
দুটি করে উইকেট নেন রবিউল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ।
এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। নাজিম ছাড়া প্রথম ৭ ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।
নাজিম সপ্তম উইকেটে শুভর (২০) সঙ্গে ৩১ ও অষ্টম উইকেটে ডলার মাহমুদের (১৭) সঙ্গে ৮১ রানের দুটো মানবাঁচানো জুটি গড়তে না পারলে আরো বড় লজ্জায় পড়তে হতো স্বাগতিকদের।
তবে নাজিমের দুর্ভাগ্য, সঙ্গীর অভাবে মাত্র ১ রানের জন্য শতকের দেখা পাননি। তার ১২৫ বলের দারুণ ইনিংসটি ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে স্টুয়ার্ট মিকার লায়ন্সের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫০ঘ.
bdnews24