২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে নিয়ে শঙ্কিত আকরাম

অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্টেই ভারতের হেরে যাওয়ার আশঙ্কা করছেন ওয়াসিম আকরাম। গত বছর ইংল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। বরং হারিয়েছে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্টেই ভারতের হেরে যাওয়ার আশঙ্কা করছেন ওয়াসিম আকরাম। গত বছর ইংল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। বরং হারিয়েছে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান। অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে দাঁড়াতেই পারেনি ভারত। দুটি ম্যাচই চার দিনের মধ্যে জিতে নিয়েছে স্বাগতিকরা। মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম টেস্টে জিতেছে ১২২ রানে, আর সিডনিতে ইনিংস ও ৬৮ রানে। তাই বিদেশের মাটিতে ভারত এখন টানা ৬ টেস্ট হারের বেদনায় নীল! দেশের বাইরে ভারতের ব্যর্থতা প্রসঙ্গে সর্বকালের সেরা বাঁহাতি পেসার হিসেবে স্বীকৃত আকরাম বলেন, “জয় সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে বিদেশে জেতাই হলো আসল। নিজেদের মাঠে ভারত ভালো খেলে। কিন্তু বিদেশের পিচে তারা নড়বড়ে। আমার খেলোয়াড়ী-জীবনে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে সিরিজ জিতেছিলো পাকিস্তান। ঐ সব সাফল্য আমাদের অন্যতম সেরা দলে পরিণত করেছিলো।” আকরাম মনে করেন ভারতের পরিকল্পনা ও তা বাস্তবায়নে বড় ধরণের কোনো সমস্যা আছে। তিনি বলেন, “ভারতকে দেখে মনে হচ্ছে তারা বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তাদের কোনো পরিকল্পনা নেই। খেলোয়াড়দের দেখেও ছন্নছাড়া বলে মনে হচ্ছে। তারা যেন কিছুতেই ঐক্যবদ্ধ হতে পারছে না। বিস্ময়কর হলেও সত্যি, মাত্র কয়েক মাস আগে এই দলটিই টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে ছিলো।” সিডনিতে ভারতের বাজে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আকরাম বলেন, “দ্বিতীয় দিনে ভারত নিজেরাই যেন ম্যাচ ছেড়ে দিয়েছিলো। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রানের পাহাড় গড়তে দেখে আশা ছেড়ে দিয়েছিলো ফিল্ডাররা। তাদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখেই আমি বুঝতে পেরেছিলাম, ম্যাচটা আর দুদিনের বেশি হবে না।” “দলের জ্যেষ্ঠ খেলোয়াড়রা তরুণ বোলারদের সঙ্গে কথাই বলছিলেন না। শুধু শচীন টেন্ডুলকার ইশান্ত শর্মার সঙ্গে আলোচনা করছিলেন। এই ধরণের আচরণ ধোনি ও তার দলের জন্য একেবারেই বেমানান,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৭ঘ.