ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘স্পট ফিক্সিং’র অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া সাত বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের একটি আদালতে আপিল করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ।
‘দ্য নিউজ’ কে আসিফের আইনজীবী সবিতা সুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
সাত বছর সব ধরণের ক্রিকেটে নিষেধাজ্ঞার পাশাপাশি আসিফকে একবছরের কারাদণ্ডও দেয়া হয়েছে। যুক্তরাজ্যের বিশেষ একটি জেলে বর্তমানে কারাভোগ করছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করার অভিযোগ ওঠে পাকিস্তানের দুই পেসার আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে। ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। পরে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ লন্ডনের একটি আদালতে প্রমাণিত হলে ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ও কারাদণ্ড দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৭ ঘ.
bdnews24