২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধত তামিম নিষিদ্ধ এক খেলার জন্য

প্রিমিয়ার লিগের খেলায় মোহাম্মদ আশরাফুলের সঙ্গে অশোভন আচরণের কারণে তামিম ইকবালকে এক খেলার জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার ভিক্টোরিয়া ও ওল্ড ডিওএইচএসের মধ্যকার খেলার সময় মোহাম্মদ আশরাফুলের সঙ্গে অশোভন আচরণের দায়ে তামিমকে এই শাস্তি দেয়া হয়। ঘটনার শুরু ওল্ড ডিওএইচএসের উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামসেদের আউট নিয়ে। মিরপুরে সোমবার ২৩ ওভারে ১৩৪ করে ভিক্টোরিয়া। বৃষ্টির কারণে ওই দিন আর খেলা হয়নি। ফলে মঙ্গলবার ২৩ ওভারে ওল্ড ডিওএইচএসের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রান। জামসেদ যখন আউট হন তখন ক্রিজেই ছিলেন আশরাফুল। সাকিব আল হাসানের বলে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ দেন জামসেদ। আম্পায়ার আউট ঘোষণার পর তিনি বেশ কয়েকবার আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করেই ভিক্টোরিয়ার এক কর্মকর্তা বাইরে থেকে চিৎকার শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ভিক্টোরিয়ার ওই কর্মকর্তা বোঝাতে চাচ্ছিলেন আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক আর আশরাফুল আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করছিলেন জামসেদের আউটের সিদ্ধান্ত সঠিক নয়। সমস্যার সৃষ্টি সেখান থেকেই। অবশ্য তখনই তামিম আশরাফুলের দিকে তেড়ে যাননি। জামসেদের বিদায়ের পর মাঠে নেমেই সাকিবের পরের বলে আউট হয়ে যান ফয়সাল হোসেন। এসময় আশরাফুল আম্পায়ারকে বলেন একটানা দুটি আউট দিলেন? এই কথা শুনে তামিম এগিয়ে এসে আশরাফুলের প্রতি কটু মন্তব্য করেন। আশরাফুল তখন তামিমকে বলেন, এখানে আম্পায়ার আর আমার সঙ্গে কথা হচ্ছে। এই কথা শোনার পর তামিম আরো উত্তেজিত হয়ে উঠেন এবং এক পর্যায়ে তেড়ে যান। দুই আম্পায়ার শরফুদুল্ল¬াহ ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান দুইজনকে সামলান। তামিমের আচরণ দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান। ম্যাচে ২১ রানে হেরে যায় ওল্ডডিওএইচএস। ম্যাচ শেষে তামিম ও ভিক্টোরিয়া কর্মকর্তা লুৎফর রহমান বাদলকে (মাঠে ঢুকতে পারবেন না) এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১১২ ঘ.