২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদি এখনো খেলতে পারেন: মিসবাহ

শহিদ আফ্রিদি আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত পূনর্বিবেচনা করে দেখারও পরামর্শ দেন তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহিদ আফ্রিদি আরো কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বলে মনে করছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত পূনর্বিবেচনা করে দেখারও পরামর্শ দেন তাকে। করাচির জাতীয় স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মিসবাহ বলেন, "দেখুন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো-আফ্রিদি আরো কয়েক বছর আন্তর্জাতিকে ক্রিকেট খেলতে পারবেন। কিন্তু তিনি কি করবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনিই।" "আমি কেবল তাকে তার সিদ্ধান্ত পূনর্বিবেচনা করে দেখার পরামর্শ দিতে পারি," যোগ করেন তিনি। এ বছরের মে মাসের শেষের দিকে শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশ গঠন নিয়ে পাকিস্তানের সে সময়কার কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় তার অধিনায়কত্ব কেড়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর জবাব দেন আফ্রিদি শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে। অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেছিলেন, পিসিবির বর্তমান নেতৃত্বের অধীনে তিনি আর খেলবেন না। তবে নেতৃত্ব পরিবর্তন হলে খেলতে তার আপত্তি থাকবে না। আফ্রিদি দলে ফিরলেও অধিনায়কত্ব নিয়ে তার চিন্তার কিছু নেই বলে সাফ জানিয়ে দেন মিসবাহ। কেননা অধিনায়কত্ব নিয়ে চিন্তা তিনি আদৌ করেন না। মিসবাহ বলেন, "অধিনায়কত্ব আমার কাছে কোনো বিষয়ই নয়। বোর্ড আমাকে দলনায়কের দায়িত্ব দিলে ভালো কথা, না দিলেও কোনো সমস্যা নেই। পাকিস্তান অধিনায়ক এ কথাও স্পষ্ট করে দেন যে আফ্রিদির সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৪ ঘ.