২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দাপটে কলকাতার প্রথম জয়

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় খেলায় প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তখনো হাতে ছিল ১৫ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় খেলায় প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তখনো হাতে ছিল ১৫ বল। এই জয়ের ফলে কলকাতা পয়েন্টের মুখ দেখলেও টানা দুই খেলা হেরে এখনও পয়েন্ট শূন্য ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৯ রান করে ব্যাঙ্গালোর। জবাবে জ্যাক ক্যালিস ও অধিনায়ক গৌতম গম্ভিরের অর্ধশতকের সুবাদে ১৭ ওভার ৩ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ১৭০ ছাড়িয়ে ১৭১ রানে পৌঁছে যায় কলকাতা। সাকিব আল হাসানের বদলে খেলতে নেমে ব্র্যাড হ্যাডিন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ক্যালিসের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুুটি গড়েন তিনি। এর মধ্যে ৪২ রানই আসে তার ব্যাট থেকে। তিনি তার ২৭ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছয় দিয়ে। হ্যাডিনের বিদায়ের পর ক্যালিস ও নতুন ব্যাটসম্যান গম্ভির চড়াও হন ব্যাঙ্গালোরের বোলারদের ওপর। ক্যালিস একটু দেখেশুনে খেললেও গম্ভির ছিলেন খুনে মেজাজে। দ্বিতীয় উইকেটে ১০৯ রান যোগ করে দলকে সহজ জয় এনে দেন তারা। শেষ পর্যন্ত ক্যালিস ৬৪ ও গম্ভির ৫৫ রানে অপরাজিত থাকেন। ক্যালিস তার ৪৭ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ১টি ছয় দিয়ে। অন্যদিকে গম্ভিরের ৩১ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছয় রয়েছে। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালোরের। ২৯ রানের মধ্যে তারা হারায় ক্রিস গেইল (২৫) ও বিরাট কোহলিকে (০)। মনোজ তিওয়ারি ও তিলকারতেœ দিলশান প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। কিন্তু ৩৩ রানের জুটি গড়ে তিওয়ারী (১৯) বিদায় নিলে আরেকবার হোঁচট খায় ব্যাঙ্গালোর। ৯ রান পর দিলশান (১৮) তাকে অনুসরণ করলে বেশ বিপদে পড়ে ড্যানিয়েল ভেট্টোরির দল। ব্যাঙ্গালোরের বিপদ অবশ্য তখনো কাটেনি। দলীয় ৮১ রানে মায়াঙ্ক আগারওয়াল (১৩) ও ৯১ রানে মোহাম্মদ কাইফ (৫) বিদায় নিলে ম্যাচ অনেকটাই কলকাতার নিয়ন্ত্রণে চলে যায়। ষষ্ঠ উইকেটে অধিনায়ক ভেট্টোরি ও রাজু ভাটকাল দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ৬১ রানের জুটি ভেঙ্গে রাজু (২৫) সাজঘরের পথ ধরলেও অবিচল ছিলেন ভেট্টোরি। ২০তম ওভারের শেষ বলে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে খেলেন ৪৪ রানের ঝকঝকে এক ইনিংস। তার ২৩ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছয় রয়েছে। কলকাতার পক্ষে ইকবাল আব্দুল্লাহ, ব্রেট লি ও জয়দেব উনাদকাত দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫১ ঘ.