২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের অর্জনের মুকুটে আরেকটি পালক

ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে উইজডেনের বিশেষ 'অ্যালমানাক' হাতে পেয়ে দারুণ খুশি তামিম ইকবাল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের ২০১০ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে উইজডেনের বিশেষ 'অ্যালমানাক' হাতে পেয়ে দারুণ খুশি তামিম ইকবাল । শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তামিমের হাতে স্বর্ণের প্রলেপ দেয়া এই 'অ্যালমানাক' তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস। এরপর এক প্রতিক্রিয়ায় তামিম বলেন, "গত বছর ভালো খেলার পুরস্কার হিসেবে এটা পেলাম। তাই খুব ভালো লাগছে।" "গত কয়েক সপ্তাহ আমার মোটেই ভালো কাটেনি। সবাই ভালো মতোই জানেন কী হয়েছে। অস্বস্তিকর অবস্থা কাটিয়ে ওঠার সুযোগ করে দিলো এই পুরস্কার," যোগ করেন তিনি। তিনি বলেন, "আমি মনে করি এই পুরস্কার আমাকে দারুণ অনুপ্রাণিত করবে।" এক ভিডিও বার্তায় তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন উইজডেনের সাবেক সম্পাদক শিল্ড বেরি। তিনি বলেন, "ব্যাট হাতে দারুণ একটা বছর কেটেছে তামিমের। ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ খেলেছেন তিনি।" "অস্ট্রেলিয়ার মাইক হাসি আর ভারতের রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে শতক পেয়েছেন। কিন্তু তাদের কোনো শতকই তামিমের মতো বিধ্বংসী ছিল না। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে তামিম ছিলেন অপ্রতিরোধ্য," যোগ করেন তিনি। ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১০ এর ৩১ আগস্ট পর্যন্ত ৭ টেস্টে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেন। ইংল্যান্ড সফরে তামিমের আগ্রাসী ব্যাটিংই উইজডেনকে মুগ্ধ করেছে বেশি। লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে টানা দুই টেস্টে শতক হাঁকান তিনি। উইজডেন টেস্ট একাদশেও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা পান তামিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৫ঘ.