২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলি রেজা কি নতুন পিসিবি চেয়ারম্যান?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে ইজাজ বাট তার মেয়াদ বাড়াতে চাইছেন। কিন্তু নাও বাড়ানো হতে পারে। বরং তার চেয়ারে বসতে পারেন ব্যাঙ্কার আলি রেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে ইজাজ বাট তার মেয়াদ বাড়াতে চাইছেন। কিন্তু নাও বাড়ানো হতে পারে। বরং তার চেয়ারে বসতে পারেন ব্যাঙ্কার আলি রেজা। কয়েকটি টেলিভিশন চ্যানেলে মঙ্গলবার বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কার আলি রেজাকে আগামী মাসে পিসিবির দায়িত্ব নিতে বলা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের সরকারি এক কর্মকর্তা বলেন, "এই গুজবের যথেষ্ঠ ভিত্তি আছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।" "প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তবে পিসিবি'র চেয়ারম্যান হিসেবে আলি রেজাকেই বিবেচনা করা হচ্ছে," যোগ করেন তিনি। কর্মকর্তা বলেন, ইজাজ বাট তার মেয়াদ বাড়াতে আগ্রহী। তবে প্রেসিডেন্ট জারদারি সোমবার ব্যক্তিগত সফরে হংকং যাওয়ায় কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। আগামী সপ্তাহেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, কেননা ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ৮ ও ৯ অক্টোবরের সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব কে করছেন তা পরিস্কার হয়ে যাবে। এখন পর্যন্ত ইজাজ বাটেরই অবশ্য ওই সভায় যোগ দেয়ার কথা। কিন্তু অল্প সময়ের নোটিশে তা বাতিল করা হতে পারে। ওই কর্মকর্তা বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অর্থ বিষয়ক কমিটির সভায় বাট যোগ দিচ্ছেন না। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন চিফ অপারেটিং কর্মকর্তা সুবহান আহমেদ। ২০০৮ সালের অক্টোবরে পিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর পরই সমালোচনার কবলে পড়েন ইজাজ বাট এবং ধীরে ধীরে তা বাড়তেই থাকে। অনেকে মনে করেন, তার মতো সমালোচনার শিকার পিসিবির আর কোনো সভাপতি হননি। ইজাজ বাটের সমালোচনা করতে গিয়ে অনেকে বলে থাকেন, তিনি স্বেচ্ছাচারী কায়দায় বোর্ডের কর্মকাণ্ড পরিচালনা করছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও অন্যান্য সদস্য দেশের বোর্ডের সঙ্গেও সম্পর্ক খারাপ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৬ ঘ.