ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে থাকা বর্তমান দলটির ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দল হওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
কিছু দিন আগে চার টেস্টের সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে ইংল্যান্ড।
ভারতের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বলা যায়। তবে ভারতের ব্যাটিং দুর্বলতার চেয়ে ইংল্যান্ডের বোলারদের নৈপুণ্যকেই বড় করে দেখছেন ম্যাকগ্রা। তিনি বলেন, "ইংল্যান্ডের বোলিং আক্রমণ নিঃসন্দেহে দুর্দান্ত। যোগ্য দল হিসেবেই এক নম্বরে উঠেছে তারা।"
শীর্ষস্থান ধরে রাখার উপায় বাতলে দিয়ে ম্যাকগ্রা বলেন, "এখন তাদের শুধু ধারাবাহিকতার প্রয়োজন। এই দলটাকে ধরে রাখতে পারলে ইংল্যান্ডকে হারানো কঠিনই হবে।"
ম্যাকগ্রার চোখে আলাদা করে ধরা পড়েছে জিমি অ্যান্ডারসনের বোলিং। অ্যান্ডারসনের প্রশংসা করে তিনি বলেন, "বোলার হিসেবে সবসময় জিমিকে (অ্যান্ডারসন) সম্মান করেছি। আমার মতে সে ভীষণ মানসম্পন্ন বোলার। ইংল্যান্ডের বাইরেও সে ভালো বল করে। এটা সত্যি দারুন ব্যাপার। এতেই প্রমাণিত, ভালো বোলার হিসেবে সে নিজেকে কতখানি দক্ষতায় গড়ে তুলছে।"
সর্বকালের অন্যতম সেরা পেসার ম্যাকগ্রা আরো বলেন, "জিমির সঙ্গে আছে টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ট্রেমলেটের মতো বোলাররা। এই পেসারদের সঙ্গে গ্রায়েম সোয়ান মিলে ভালো বল করে যাচ্ছেন। আমার মতে এটাই তাদের এক নম্বরে ওঠার মূল কারণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৬ ঘ.
bdnews24