ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের আত্মজীবনীমূলক গ্রন্থ ভারতীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সেই সঙ্গে এ কথাও বলেছে যে নতুন করে দেশ দু'টোর মধ্যে ক্রিকেট সম্পর্ক গড়ে তোলার পথে তা বাধা হয়ে দাঁড়াবে না।
আখতার তার বইয়ে দাবি করেন যে শচীন টেন্ডুলকার তার বল খেলতে ভয় পেতেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় বলিউডের রাজা শাহরুখ খান তাকে অর্থ-কড়ি দেননি বলেও অভিযোগ করেন তিনি।
আখতারের এসব বক্তব্যের সমালোচনা করতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাট বলেন, এতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে।
তবে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ভারতীয়দের সম্পর্কে আখতারের বক্তব্য মেনে নেয়া যায় না। তবে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ আবারো চালু করার পথে তা অন্তরায় হয়ে দাঁড়াবে না।
এর কারণ হিসেবে তিনি বলেন, "এটি কেবল ব্যক্তি বিশেষের মন্তব্য। তাই আমরা তা গায়ে মেখে নিচ্ছি না।"
"যতো তাড়াতাড়ি সম্ভব আমরা আবারো সিরিজ চালু করতে বদ্ধপরিকর," যোগ করেন তিনি।
মুম্বাইয়ে ২০০৮ সালের জঙ্গী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি কারের ভারত সফরের পর দেশ দু'টোর মধ্যে আবারো ক্রিকেট সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৭ ঘ.
bdnews24