ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়োর্স ৫০ রানে হারিয়েছে সাউথ অস্ট্রেলিয়াকে।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান করে ওয়ারিয়োর্স। জবাবে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সক্ষম হয় সাউথ অস্ট্রেলিয়া।
ওয়ারিয়োর্সের বোলারদের মারাত্মক বোলিংয়ে দলীয় ৬ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ড্যানিয়েল হ্যারিসকে হারিয়ে চাপে পড়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। ওই চাপ থেকে তারা আর বের হতে পারেনি।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল কলিঙ্গার লড়াই করার চেষ্টা করলেও সতীর্থদের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি।
দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন কলিঙ্গার।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা ওয়ারিয়োর্সকে দারুণ সূচনা এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান জে স্মুটস। ৬৫ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৮ রান করেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
এছাড়া মার্ক বাউচার ৩৪ ও কলিন ইনগ্রাম ৩০ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৫ ঘ.
bdnews24