ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট মেজাজে ফিরতে চার দিনের প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেকেই নিজেকে প্রমাণ করতে চাইবেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে বাংলাদেশ লাল দল ও বাংলাদেশ সবুজ দল।
নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মূল একাদশে জায়গা নিশ্চিত করতে প্রাণপনে লড়বেন লাল ও সবুজ দলের আদলে জাতীয় দলের ক্রিকেটাররা।
২৩ সদস্যের প্রাথমিক দলের সঙ্গে জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী ও নূর হোসেনকে যোগ করা হয়েছে আগেই। চার দিনের ম্যাচেও খেলার কথা রয়েছে তাদের।
প্রাথমিক দলে থাকলেও ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলায় ব্যস্ত থাকায় চার দিনের ম্যাচে খেলা হচ্ছে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের।
সবুজ দলের কোচ সারোয়ার ইমরান শনিবারও জানতেন না দলকে নেতৃত্ব দেবেন কে। রোবাবার প্রধান নির্বাচক আকরাম খান জানান, সবুজ দলকে নেতৃত্ব দেবেন শাহরিয়ার নাফীস।
চারদিনের ম্যাচে মাঠে নামার আগে রোববার একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে নাফীস বলেন, "সব ক্রিকেটারই জাতীয় দলে খেলতে চায়। ভাল খেললে জাতীয় দলে জায়গা পাওয়াটাই স্বাভাবিক।"
"একই পজিশনে অনেকেই আছেন। এখন জায়গা পেতে হলে নিজেকে সবচেয়ে ভালো প্রমাণ করতে হবে। ঘরোয়া সিরিজে দলে থাকতে হলে এই ম্যাচে ভাল করার কোন বিকল্প নেই," যোগ করেন তিনি।
দুটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৩৯ ঘ.
bdnews24