২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শোয়েব একটা সমস্যার নাম'

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ও তার আত্মজীবনী গ্রন্থের তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, মাঠে সব সময়ই শোয়েব ছিলেন একটা বড় সমস্যা। খেলা ছাড়ার পরও একই রকম রয়ে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ও তার আত্মজীবনী গ্রন্থের তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, মাঠে সব সময়ই শোয়েব ছিলেন একটা বড় সমস্যা। খেলা ছাড়ার পরও একই রকম রয়ে গেছেন তিনি। ২০০৬ সালে ফয়সালাবাদ টেস্টে শোয়েবের বলের গতির সামনে অসহায় হয়ে পড়েছিলেন শচীন টেন্ডুলকার। তার বল খেলতে রীতিমতো ভয় পাচ্ছিলেন বলে শোয়েব তার আত্মজীবনীমূলক গ্রন্থে দাবি করেন। কিন্তু আকরাম স্রেফ ফু দিয়ে উড়িয়ে দেন তা। এ প্রসঙ্গে শচীনের বিপক্ষে খেলার কথা স্মরণ করতে গিয়ে সাবেক ফাস্ট বোলার বলেন, "শিয়ালকোট টেস্টে শচীনের ব্যাটিংয়ের কথা আমার এখনো মনে আছে। উইকেটে ঘাসও ছিল যথেষ্ট। আমার বয়স ছিল ২২। আর ওয়াকার ইউনুসের ১৯। বুঝতেই পারছেন, তখন কতো দ্রুত গতিতে বল করতে পারতাম আমরা।" "ওয়াকারের বাউন্সার শচীনের মুখে লাগে। চিকিৎসার পর মাঠে ফিরে আদায় করে নেন অর্ধশতক। ১৬ বছরের একটি ছেলে তখন যদি ভয় না পায়, এখন পাবেন কেন," প্রশ্ন রাখেন আকরাম। আসলে কোনো ব্যাটসম্যানই ভয় পান না বলে উল্লেখ করে তিনি বলেন, "শোয়েব যা বলছেন তা বিশ্বাস করা কঠিন।" বিতর্কিত সব দাবি করে শোয়েব আসলে তার বইয়ের বিক্রি বাড়াতে চাইছেন বলে অভিযোগ করেন আকরাম। শোয়েবের ক্রিকেট-জীবন তিনি ধ্বংস করার চেষ্টা করেছিলেন বলে বইয়ে যে অভিযোগ আনা হয়েছে তাও উড়িয়ে দেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, "তিনি (শোয়েব), আমি ও সারা দুনিয়া জানে, নিজের ক্রিকেট-জীবন ধ্বংস করার জন্য তিনি নিজেই দায়ী। এ ব্যাপারে অনেক কথা-বার্তা হয়েছে, কিন্তু আমি কখনোই তাকে খাটো করতে চাইনি।" "অলিখিত হলেও কিছু কিছু বিষয় মেনে চলেন খেলোয়াড়রা। আর তা হলো কোনো কোনো বিষয় কখনোই প্রচার মাধ্যমে প্রকাশ করা যাবে না," রীতিমতো হুমকি দেন সাবেক ফাস্ট বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩২ ঘ.