২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতৌদির প্রতি হানিফ মোহাম্মদের শ্রদ্ধা

ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানিরা। তারা বলেন, মনমাতানো এই খেলোয়াড়ের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানিরা। তারা বলেন, মনমাতানো এই খেলোয়াড়ের মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে। পতৌদিকে আদর করে ডাকা হতো 'টাইগার' নামে, ক্ষীপ্রতার সঙ্গে ফিল্ডিং করার জন্য। ভারত সীমান্তের ওপারে পাকিস্তানেও সমান জনপ্রিয় তিনি। কেননা সরলতার পাশাপাশি সকলের মন জয় করার ক্ষমতা ছিল তার স্বভাবজাত। ১৯৬১ থেকে ১৯৭৫, এই ১৪ বছরে পতৌদি খেলেন ৪৬টি টেস্ট। ইংল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পরও ছয়টি শতকসহ রান করেন ২,৭৯৩। গড় ৩৪.৯১। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পতৌদির সমসাময়িক হানিফ মোহাম্মদ বলেন, "কিছুদিন আগে টেলিভিশনে তাকে দেখে মনে হচ্ছিল ভালোই আছেন তিনি। কিন্তু হঠাৎ করেই মারা গেলেন। এই খবরটা প্রচণ্ড কষ্ট দিয়েছে আমাকে।" ১৯৫০ ও ৬০'র দশকে হানিফ মোহাম্মদকে ডাকা হতো 'লিটল মাস্টার' নামে। নজর কাড়া ব্যাটিংয়ের জন্যই এই নাম কুড়িয়েছিলেন তিনি। পতৌদির কথা বলতে গিয়ে অতীতে ফিরে যান হানিফ মোহাম্মদ, "পতৌদি যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো ধরনের ক্রিকেট সম্পর্ক ছিল না। তাই তার বিপক্ষে খেলা হয়নি আমার। তবে বিশ্ব একাদশে খেলেছি একসঙ্গে। তখনই বুঝতে পেরেছি কত বড়মাপের মানুষ তিনি। আশপাশের সব লোকের মন জয় করে নিতে পারতেন অতি সহজেই। সবচেয়ে বড় কথা, ক্রিকেট ছিল তার জীবন।" সম্পর্কে পতৌদির ভাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি শাহরিয়ার খান বলেন, ক্রিকেট অন্তঃপ্রাণ পতৌদির মৃতুতে শুধু তার পরিবারেই নয়, ক্রিকেট দুনিয়াতেও সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ বছর বয়সে দলের হাল ধরেন পতৌদি। চার্লি গ্রিফিথের বাউন্সার নিয়মিত অধিনায়ক নারি কন্ট্রাক্টরের মাথায় আঘাত হানায় আর খেলতে পারেননি তিনি। ফলে দলের লাগাম উঠে যায় পতৌদির হাতে। এত কম বয়সে ভারত দলের অধিনায়ক আর কেউ হননি। পতৌদি টেস্ট খেলেন ৪৬টি। নেতৃত্ব দেন ৪০টিতে। জেতেন ৯টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশের মাটিতে ভারত প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে তার নেতৃত্বে, ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে। পিসিবির সাবেক প্রধান নির্বাহী আরিফ আব্বাসি পতৌদিকে তার বিশিষ্ট বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, তার মৃত্যুতে শুধু ভারতের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরও ক্ষতি হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৯ ঘ.