ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নকিয়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩ উইকেটে হারিয়েছে ওয়ারিয়র্স।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র্স।
ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭২ রান করে ব্যাঙ্গালোর। জবাবে অ্যাশওয়েল প্রিন্সের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ১৭৩ রানে পৌঁছে যায় ওয়ারিয়র্স।
শেষ বলে ২ রান নিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে দলকে জয় এনে দেন ওয়েন পার্নেল।
লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্তে প্রিন্স অবিচল থাকলেও ৮২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকার দলটি। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে প্রিন্স ও জোহান বোথা ৭৩ রান যোগ করে দলকে জয়ের ভিত গড়ে দেন।
দলীয় ১৫৫ রানে প্রিন্স (৭৪) ফিরে গেলেও আশা হয়ে টিকে থাকেন বোথা। প্রিন্স তার ৫৫ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ৩টি ছয় দিয়ে।
শেষ ওভারের তৃতীয় বলে অধিনায়ক বোথা (৪২) সাজঘরে ফিরলেও জয় তুলে নিতে ভুল করেনি ওয়ারিয়র্স। তার ২৪ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছয় রয়েছে।
শেষ পর্যন্ত নিকি বোয়ে ও পার্নেল দলকে জয় এনে দেন। বোয়ে ৭ ও পার্নেল ৬ রানে অপরাজিত থাকেন।
ব্যাঙ্গালোরের পক্ষে অভিমান্যু মিথুন ও শ্রীনাথ অরবিন্দ দুটি করে উইকেট নেন। এজন্য মিথুন দেন ২৫ রান। অরবিন্দ ৩২।
এর আগে দলের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই দায়িত্ব নিয়ে খেলায় লড়াই করার পুঁজি পায় ব্যাঙ্গালোর। মায়াঙ্ক আগারওয়াল শূন্য রানে ফিরলেও ক্রিস গেইল ২৩, বিরাট কোহলি ৩৪, এবি ডি ভিলিয়ার্স ৩১, সৌরভ তিওয়ারী ২৮ ও মোহাম্মদ কাইফের ২৬ রানে সুবাদে বড় স্কোর দাঁড় করায় ভারতের দলটি।
ওয়ারিয়র্সের পক্ষে রাস্টি থেরন ৪ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৭ ঘ.
bdnews24