২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনসুর আলী খান পতৌদি আর নেই

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, পতৌদি পরিবারের শেষ নবাব মনসুর আলী খান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, পতৌদি পরিবারের শেষ নবাব মনসুর আলী খান মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই তারকা ক্রিকেটারের। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিন মাস আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এ কারণেই গত মাসে তিনি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালের চিকিৎসক ডা. এস পি বিয়োত্রা বলেন, "গতকাল থেকে তার অবস্থার অবনতি ঘটছিলো। তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন। সবচেয়ে ভালো চিকিৎসা হওয়ার পরও দ্রুত তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো।" মনসুর আলী খান পতৌদির মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার বলেছেন, "এটা ক্রিকেটের জন্য এক বিশাল ক্ষতি। অল্প কয়েকটি অনুষ্ঠানে তার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিলো আমার। বিশ্ব ক্রিকেট তার মতো একজন মহান ব্যক্তির অভাব বোধ করবে। আমি সত্যিই তাকে শ্রদ্ধা করতাম।" মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক হওয়া এই ক্রিকেটার পরিচিতি পেয়েছিলেন টাইগার পতৌদি নামে। ১৯৬১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। শেষ করেন ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মধ্য দিয়ে। মাঝে খেলেন ৪৬টি টেস্ট। ৩৪.৯১ গড়ে করেন ২ হাজার ৭৯৩ রান। নেতৃত্ব দিয়ে নয় টেস্টে জেতান ভারতকে। ১৯৭১ সালে ভারতে নবাবী প্রথা বাতিল হলেও ক্রিকেটার হিসেবেও 'নবাবের' সম্মানই পেয়েছেন ভারতের পতৌদি পরিবারের নবম ও শেষ নবাব মনসুর আলী। তার নেতৃত্বেই ১৯৬৮ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেশের বাইরে প্রথম টেস্ট জেতে ভারত। সে বছর উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। দলে বেশ কয়েকজন স্পিনার খেলানোর রীতি চালু হয় পতৌদির কৌশল থেকেই। ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কদের একজন ধরা হয় তাকে। সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৯৬৪ সালে 'অর্জুন' ও ১৯৬৭ সালে 'পদ্মশ্রী' পুরস্কার পান মনসুর আলী। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার দুই বছর পর বলিউডের তখনকার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান সাইফ আলী খান ও সোহা আলী খানও বলিউডে চলচ্চিত্র অভিনেতা হিসেবে নাম কুড়িয়েছেন। এই দম্পতির আরেক মেয়ে সাবা আলী খান। ২০০৭ সাল থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলে আসা টেস্ট সিরিজের নাম 'পতৌদি ট্রফি'র রাখা হয়েছে মনসুল আলীর প্রতি সম্মান জানিয়েই। এবার গ্রীষ্মে ভারত ও ইন্ডিয়ার মধ্যকার চার টেস্টের সিরিজ শেষে অ্যান্ড্রু ট্রাউসের হাতে ট্রফি তুলে দিয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়েন টাইগার পতৌদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/এএইচ/জেকে/২২২৮ ঘ.