ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তুলতে দুটোর বদলে চারটি ইনিংসে ভাগ করার প্রস্তাব দিয়েছেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করায় রাহুল দ্রাবিড় বেশ ক্ষুব্ধ। এ ব্যাপারে আইসিসির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
অনেক দিন ধরেই নিজের তত্ত্ব নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলছেন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটের উত্তেজনা বাড়ানোর জন্য ব্যাটিং দলের ইনিংসকে দুই ভাগ (২৫ ২৫ ওভার) করা ছাড়াও তিনের পরিবর্তে দুটো পাওয়ার প্লে এবং চারজনকে ১২ ওভার বল করার সুযোগ দেয়ারও প্রস্তাব করেন তিনি।
অস্ট্রেলিয়ায় ৪৫ ওভারের ঘরোয়া একদিনের ক্রিকেটে ব্যাটিং দলের ইনিংস দুই ভাগে (২৫ ২০) বিভক্ত। তাই টস জয়ী দল তেমন বাড়তি সুবিধা পায় না। অস্ট্রেলিয়ায় এই নিয়ম দারুণ জনপ্রিয়তাও পেয়েছে।
গত মে মাসে আইসিসি ক্রিকেট কমিটির কাছে এ ব্যাপারে একটি লিখিত প্রস্তাব দেন ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকার। তখন প্রস্তাবটি বিবেচনা করার কথা বললেও বুধবার আইসিসি জানিয়ে দেয় আপাতত ৫০ ওভারের ক্রিকেটে তেমন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।
এ প্রসঙ্গে ভারতের বিখ্যাত পত্রিকা 'দ্য টাইমস অব ইন্ডিয়া'কে দ্রাবিড় বলেন, "ব্যাটিং ইনিংস দুই ভাগে ভাগ করার নিয়মটি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। প্রস্তাবটা আইসিসি কেন নাকচ করে দিলো তা জানতে পারলে ভালো হতো। শচীন নিশ্চয়ই অনেক ভেবে-চিন্তে প্রস্তাবটা দিয়েছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯১৬ঘ.
bdnews24