ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন বাধা পার হওয়ার জন্য খেলোয়াড়দের বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মনে করেন মেয়েদের ক্রিকেট দলের কোচ মমতা মাবেন।
আগামী নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপের বাছাই পর্ব।
মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের মূল শক্তি ফিল্ডিং ও বোলিং। তবে ব্যাটিংয়ে আমরা একটু পিছিয়ে। এ নিয়ে অনেক কাজ করতে হবে। ব্যাটিং কোচ নুরুল আবেদীন নোবেল এরই মধ্যে মেয়েদের সমস্যা নিয়ে কাজ শুরু করেছেন।"
"২৫ জনকে নিয়ে ক্যাম্প শুরু হওয়ার পর থেকে খেলোয়াড়দের দেখছি। দলের শক্তি সম্পর্কে এখন বেশ পরিষ্কার ধারণা হয়েছে। দলের খেলোয়াড়রা কে কেমন, কে কোথায় খেলতে পারেন সে ব্যাপারেও ভালো ধারণা পেয়েছি," যোগ করেন তিনি।
তিনি বলেন, "ব্যাটসম্যানরা ১৫০-১৬০ রানের সংগ্রহ এনে দিতে পারলেও বোলিং ও ফিল্ডিং দিয়ে যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের। আমাদের এখন দলগতভাবে ৮০ থেকে ১০০ রান করার সামর্থ্য রয়েছে। সেটাকে আমরা অন্তত ১৬০ পর্যন্ত নিয়ে যেতে চাই।"
"খেলোয়াড়দের হাতে অনেক শট রয়েছে। কিন্তু তাদের উইকেটে টিকে থেকে রান করা শিখতে হবে। আর বড় ইনিংস খেলার অভ্যাসও গড়ে তুলতে হবে," যোগ করেন তিনি।
দলের ফিল্ডিং ও বোলিংকে আন্তর্জাতিক মানের আখ্যা দিয়ে তিনি বলেন, "দলে ছয় জন পেসার রয়েছেন। তারা প্রত্যেকেই উঁচু মানের। আমাদের বেশ কয়েকজন ভালো স্পিনারও আছেন। আশা করি পিচ থেকে স্পিনাররা সহায়তা পাবেন।"
বাংলাদেশের প্রস্তুতি নিয়েও মমতা সন্তুষ্ট। তিনি বলেন, "এখানকার সুযোগ-সুবিধা বেশ ভালো। আমরা প্রধান উইকেটে খেলছি। একাডেমি মাঠে অনুশীলন করে খেলোয়াড়দের অনেক উপকারও হচ্ছে। এর বাইরে নেটে বোলিং মেশিনেও কাজ চলছে। মেয়েরা বুঝতে পারছে তাদের ঠিক কী করতে হবে।"
দলের সবাই কঠোর পরিশ্রম করায় বাছাই পর্বে বাংলাদেশ ভালো করবে বলে মনে করছেন মমতা।
তিনি বলেন, "আমরা বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে যেতে চাই। প্রত্যেকটি খেলা জয়ের জন্যই খেলবো। তবে পুরো বাছাই পর্ব নিয়ে একসঙ্গে ভাবছি না। প্রতিটি খেলা নিয়ে আলাদাভাবে ভাবতে চাই।
"নিজেদের পুরোপুরি প্রস্তুত করেই প্রতিযোগিতায় নামতে চাই। সেজন্য এখন মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছি। এখন প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ" যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৭ঘ.
bdnews24