২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা ও ভারতে যাচ্ছে মেয়েদের ক্রিকেট দল

বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য মেয়েদের ক্রিকেট দল শ্রীলঙ্কা ও ভারত সফরে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য মেয়েদের ক্রিকেট দল শ্রীলঙ্কা ও ভারত সফরে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ৫ থেকে ১২ অক্টোবর শ্রীলঙ্কা সফর করবে সালমা খাতুনের নেতৃত্বে থাকা বাংলাদেশ দল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কা থেকে ভারতের রাজকোট যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে স্থানীয় দলের সঙ্গে একটি টি-টোয়েন্টি ও দুটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে। রাজকোট থেকে বাছাই পর্বে অংশ নিতে বাংলাদেশের ২০ অক্টোবর দেশে ফেরার কথা। বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য সফর দুটি খুব কাজে আসবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। তিনি বলেন, "আমরা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছি। তবে শ্রীলঙ্কা ও ভারত সফর ঠিকঠাকভাবে হলে আমাদের প্রস্তুতি আরো ভালো হবে।" নতুন কোচ মমতা মাবেনকে পেয়ে ক্রিকেটাররা বেশ উপকৃত হচ্ছেন বলে মনে করেন সালমা। তিনি বলেন, "নতুন কোচ আসায় আমাদের উৎসাহ অনেক বেড়ে গেছে। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। ২৫ জনের এই ক্যাম্প নিয়ে আমরা দারুণ খুশি।" দলের ব্যাটিং নিয়েই বেশি কাজ করছেন মমতা মাবেন। ব্যাটিং কোচ নুরুল আবেদীন নোবেলের পাশাপাশি তিনিও খেলোয়াড়দের ব্যাটিং দুর্বলতা নিয়ে নেটে কাজ করছেন। তাই ব্যাটিংয়ে ছোটখাটো যেসব ভুল ত্র"টি আছে সেগুলো দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন সালমা। সালমা মনে করেন বোলিংই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, "বাংলাদেশের উইকেটে স্পিন বল বেশ কার্যকরী। আমাদের দলে বেশ কয়েকজন উঁচু মানের স্পিনার রয়েছে। পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী।" "আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। সেটা নিয়েই বেশি কাজ হচ্ছে। হাতে যে সময় আছে তাতে আশা করছি এ সব সমস্যা কাটিয়ে উঠতে পারবো," যোগ করেন তিনি। বাছাই পর্বে বাংলাদেশের গ্র"পে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী মনে করলেও পিছিয়ে রাখছেন না নিজেদেরও। তিনি বলেন, "এর আগে আমরা পাকিস্তানের বিপক্ষে দুবার খেলেছি। ঐ দুই খেলায় একবার হারলেও অন্যবার তাদের হারিয়েছি। এবার তাদের বিপক্ষে আমরা আরো ভালো করতে চাই।" "ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য যেমন অপরিচিত দল তেমনি আমরাও ওদের কাছে অপরিচিত। তবে স্বাগতিক হওয়ায় আমরা বাড়তি সুবিধা পাবো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ঘ.