ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কয়েকটি বিষয় নিয়ে মঙ্গলবার সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসবের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে জাতীয় দলের নতুন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গ। গত ৫ সেপ্টেম্বর বিসিবির নির্বাহী কমিটির এক সভায় সাকিব আল হাসানকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়া হয়।
এর পর থেকেই পরবর্তী অধিনায়ক নিয়ে জল্পনা-কল্পনা চলছে। মঙ্গলবার বিকেল ৩ টায় বোর্ডের সভায় এ নিয়ে আলোচনা হবে কী না সে ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, "এই সভায় অধিনায়কের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।"
"আগের সভায় যে সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি সেগুলোও এবার চূড়ান্ত হতে পারে। বিশেষ করে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে," যোগ করেন তিনি।
সভায় জাতীয় দলের বেতন কাঠামোতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। এছাড়া জেলা পর্যায়ে ৩৯ জন কোচ নিয়োগ, জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের বাজেট অনুমোদন এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ত্রিদেশীয় সিরিজের আয়োজন নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৫ঘ.
bdnews24