২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে অনিশ্চিত গেইল

ক্রিস গেইলের ভবিষ্যত এখনো অনিশ্চয়তার মধ্যেই। ইংল্যান্ড ও বাংলাদেশ সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়নি গেইলকে। ইংল্যান্ড সফরের জন্য সোমবার ঘোষিত ১৪ সদস্যের দলেও তার নাম নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের ভবিষ্যত এখনো অনিশ্চয়তার মধ্যেই। ইংল্যান্ড ও বাংলাদেশ সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়নি গেইলকে। ইংল্যান্ড সফরের জন্য সোমবার ঘোষিত ১৪ সদস্যের দলেও তার নাম নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের বাংলাদেশ সফরে আশার সম্ভাবনাও কমই বলা যায়। এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা শেষে দেশে ফেরার পর অনেকবারই গেইল জানিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামতে প্রস্তুত। কিন্তু নির্বাচকরা এখনো তাকে দলে ফেরানোর ব্যাপারে কিছু বলেননি। কয়েক দিন আগে জ্যামাইকার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গেইল বলেন, "দলের প্রয়োজনে আমি যেকোনো সময়ই খেলতে প্রস্তুত। এটা আমি তাদের (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড) স্পষ্ট করেই বলেছি। ক্যাম্প চলছে, কিন্তু আমাকে এখনো কিছুই জানানো হয়নি।" রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন গেইল। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব শুরু হবে ২৩ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। এপ্রিলে জ্যামাইকার একটি বেতারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেন গেইল। পরে বোর্ড গেইলের কাছ থেকে তার মন্তব্যের ব্যাখ্যা দাবী করে। নইলে জুন/জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজে দলের বাইরে রাখার হুমকিও দেয়া হয় গেইলকে। কিন্তু জুনে বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় সংগঠনের বৈঠকে গেইলের বিষয়ে কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। এরপরই ঝুলে যায় তার ভাগ্য। বাংলাদেশ সফরে ৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ একটি টি- টোয়েন্টি, তিনটি একদিনের ও দুটো টেস্ট ম্যাচ খেলবে। তার আগে ইংল্যান্ড সফরে যাবে তারা। সেখানে দুটো টি-টোয়েন্টি খেলবে ড্যারেন সামির দল। প্রথম টি-টোয়েন্টি ২৩ সেপ্টেম্বর, ওভালে। ইংল্যান্ড সফরের দল: ড্যারেন সামি (অধিনায়ক), ক্রিস্টোফার বার্নওয়েল, মাইলস ব্যাসকোম্ব, দেবেন্দ্র বিশু, ক্রুমাহ বোনার, জনসন চার্লস, ডারউইন ক্রিশ্চিয়ান, ফিডেল এডওয়ার্ডস, ডেনজা হাইয়াট, গ্যারি মাথুরিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার স্যান্টোকি ও ডোয়াইন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩১ ঘ.