ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাসির আহমেদের দারুণ বোলিং ও তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বিসিবি কাপের বৃষ্টি বিঘিœত ষষ্ঠ ম্যাচে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল। তখনো তাদের হাতে ছিল ৩০ বল।
সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আব্দুর রাজ্জাক।
ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬ ওভার ৩ বলে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ 'এ' দল। জবাব দিতে নেমে বাংলাদেশ দল মাত্র ২ বল খেলার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ঘন্টা দুয়েক বাদে বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয় ১০০ রান।
তামিম ইকবালের অপরাজিত অর্ধশতকের সুবাদে কোনো উইকেট না হারিয়ে ১৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
'এ' দলের বিপক্ষে প্রথম ম্যাচেও অর্ধশতক তুলে নেয়া তামিম এ ম্যাচে ছিলেন আরো আগ্রাসী। যদিও তিনি ব্যক্তিগত ১১ রানের মাথায় ফরহাদ রেজার বলে রকিবুল হাসানের হাতে জীবন ফিরে না পেলে বাংলাদেশ এতো সহজে নাও জিততে পারতো।
তবে এর পর আর কোনো সুযোগ দেননি তামিম। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ থেকে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ৫১ বলের ইনিংসটা সাজানো ১০টি চার ও ১টি ছক্কায়। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ইমরুল কায়েস অপরাজিত ছিলেন ২০ রানে।
এর আগে ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া 'এ' দল দেড় শ পেরিয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (৩৪) ও ফরহাদ রেজার (১৯) দৃঢ়তায়। দলীয় ১৪৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রিয়াদ বিদায় নেয়ার 'এ' দল আর বেশি দূর যেতে পারেনি।
'এ' দলের পক্ষে সগির হোসেন সর্বোচ্চ ৩৬ রান করেন।
বাংলাদেশ দলের পক্ষে ম্যাচ সেরা নাসির ৪ উইকেট নেন ২৯ রানে। রাজ্জাক ও নাজমুল হোসেন নেন ৩টি করে উইকেট।
বুধবার ফাইনালে আবারো মুখোমুখি হবে দু দল। খেলাটি হবে দিনরাতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৬ঘ.
bdnews24