ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে আবারো হারিয়েছে পাকিস্তান। জিতেছে ৫ রানে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান রান করে ৭ উইকেটে ১৪১। জবাবে জিম্বাবুয়ের পালা থেমে যায় ৭ উইকেটে ১৩৬ রানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার রান করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেনি জিম্বাবুয়ে। বরং উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। মূলত ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারালে খেলা থেকে ছিটকে পড়ে ব্রেন্ডন টেইলরের দল।
দলের পক্ষে সবচেয়ে বেশি অপরাজিত ৩৭ রান করেন তাতেন্দা তাইবু। এছাড়া ২৪ রান আসে এল্টন চিগুম্বুরার ব্যাট থেকে। মোটেও সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ ৩ উইকেট নেন ১১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই পথ হারিয়ে ফেলে পাকিস্তান। ৩৪ রানের মধ্যে হারিয়ে বসে তিন উইকেট। সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান আসাদ শফিক (৯), রমিজ রাজা (১) ও শোয়েব মালিক (১১)।
এ অবস্থায় হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ ও উমর আকমল। চতুর্থ উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন ৫৯। দলীয় ৯৩ রানের মাথায় বিদায় নেয়ার আগে হাফিজ করেন ৫১। ৩৮ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি ৫ বার। এছাড়া একবার হাওয়ায় ভাসিয়ে।
এরপর দলের সঙ্গে ১৬ রান যোগ হতেই ফিরে যান আকমল। ২৮ রান করেন তিনি ৩২ বলে। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। অথচ আকমলের এই ইনিংসে চার কিংবা ছক্কা, কিছুই নেই।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ইয়াসির শাহ ১০ ও সাঈদ আজমল ১ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে তিন উইকেট নেন কাইল জার্ভিস ১৪ রানে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দু'টোতেই জিতেছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/২১৩৪ ঘ.
bdnews24