ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক তিলকারতেœ দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম পালায় অস্ট্রেলিয়ার চেয়ে ১১২ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। এখনো হাতে আছে ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ৩১৬ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ৪২৮।
উইকেটে আছেন ম্যাথিউস ৮৫ রান নিয়ে। অন্য প্রান্তে শামিন্দা ইরাঙ্গা অপরাজিত রয়েছেন ৫ রানে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা তার ৬১ রানের ইনিংসটিকে টেনে নিয়ে গিয়ে থামেন ৭৯-তে। পিটার সিডলের বলে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার ১৭৬ বলের ইনিংসে চার রয়েছে ১০টি। তখন দলের রান ছিল ২১০।
এর আগে দলীয় ১৯৮ রানের মাথায় ফিরে যান আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। শেন ওয়াটসনের বলে সাজঘরে ফিরে যাওয়ার আগে করেন ৫১ রান। তিনিও ধরা পড়েন উইকেটের পিছনে হ্যাডিনের হাতে। তিনি তার ১২০ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে।
এরপরের সময়টুকু কেবল দিলশান ও ম্যাথিউসের। দিলশান স্বভাবসূলভ আক্রমণাত্মকভঙ্গিতে ব্যাট করলেও ম্যাথিউস খেলে যেতে থাকেন দেখেশুনে। অস্ট্রেলিয়ার বোলার ফিল্ডারদের দুরাবস্থার অবসান ঘটে ৩৩১ রানের মাথায় দিলশান বিদায় নিলে। ১৩১ বলে ১৪টি চারের সাহায্যে ৮৩ রান করেন তিনি।
তবে দিনের শেষ পর্যন্ত অবিচল ছিলেন ম্যাথিউস। ২০৭ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি আটবার।
দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ৪১২ রানের মাথায় ফিরে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে। ৮৬ বলে ৪৭ রান করেন তিনি। হাঁকান তিনটি চার ও দু'টো ছক্কা।
অস্ট্রেলিয়ার পক্ষে দু'টো করে উইকেট নেন ট্রেন্ট কপল্যান্ড ও সিডল। এ জন্য কপল্যান্ড দেন ৭০ রান। সিডল ৭৬।
তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩১ ঘ.
bdnews24