ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ হওয়া পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির 'স্পট ফিক্সিং' কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা ইংল্যান্ডের একটি আদালতে স্বীকার করেছেন।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট চলার সময় অর্থের বিনিময়ে ইচ্ছা করে 'নো' বল করার অভিযোগ ওঠে পাকিস্তানের দুই ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও আমিরের বিরুদ্ধে। ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাটের বিরুদ্ধে পুরো বিষয়টি আগে থেকে জানার অভিযোগও করে যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড।
যুক্তরাজ্য ভিত্তিক এজেন্ট মাজহার মজিদ ওই অপকর্মের মূল হোতা ছিলেন।
এর আগে মজিদও আদালতের সামনে সামনে 'স্পট ফিক্সিং' কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।
যদিও অন্য দুই অভিযুক্ত মোহাম্মদ আসিফ ও সালমান বাট এখনো নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। তাদের দাবি, তারা গড়াপেটা নিয়ে মজিদের সঙ্গে কখনোই কোনো সমঝোতা করেননি।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, চাপে পড়ে নাকি এই মামলার সাক্ষী হওয়ার জন্য আমির ও মজিদ আগে দেয়া বিবৃতি পরিবর্তন করেছেন তা ঠিক পরিষ্কার নয়।
স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অনেকেই আমিরকে সাক্ষী হওয়ার পরামর্শ দেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া শাস্তির মেয়াদ যেন কিছুটা কম হয়, সেজন্যই এই পরামর্শ। যদিও আমির আগে এই পরামর্শ কানে তোলেননি।
আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার স্বীকারোক্তি আদালতে উপস্থিত সকলকে হতভম্ব করে দেয়। কারণ আগের চারটি শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৮ ঘ.
bdnews24