ঢাকা, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার একদিনের সিরিজের শেষ খেলাতেও ইংল্যান্ড ৬ উইকেটে ভারতকে হারিয়েছে। সুবাদে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতক এবং রাহুল দ্রাবিড় ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধ শতকের সুবাদে ৬ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ৯৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১০৭ রান করেন কোহলি।
জীবনের শেষ একদিনের খেলায় দ্রাবিড়ের অবদান ৬৯ রান। শেষ দিকে ধোনির আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিন শ' পেরিয়েছে ভারত। ২৬ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫০ রান করে অপরাজিত থেকে যান ধোনি। গ্রায়েম সোয়ান ৩টি ও জেড ডার্নবাখ নেন ২ উইকেট।
ইংল্যান্ডের পালা শুরু হওয়ার আগে বৃষ্টি নামায় ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩৪ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৪১ রানের। জোনাথন ট্রট (৬৩) ও অধিনায়ক অ্যালিস্টার কুকের (৫০) দুটো অর্ধ শতকের পর জনি বেয়ারস্টো (২১ বলে অপরাজিত ৪১) ও রবি বোপারার (২২ বলে অপরাজিত ৩৭) ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩৩১ঘ.
bdnews24