ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে খেলতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভির।
তার বদলে দলের নেতৃত্ব দেবেন জ্যাক ক্যালিস।
বাছাই পর্বের খেলা হবে ১৯ ও ২১ সেপ্টেম্বর। কলকাতার প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে ওভালে চতুর্থ টেস্ট খেলার সময় চোট পান গম্ভির। ফলে এ মাসের শুরুতে আগেভাগেই তাকে দেশে ফিরে যেতে হয়। টেস্টের তৃতীয় দিন কেভিন পিটারসেনের ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান গম্ভির। তিনি অবশ্য বলটি লুফে নিতে পারেননি। তবে আঘাত পান মাথায়। এরপর থেকে চোখে ঝাপসা দেখতে থাকেন। মাঝে মধ্যে মাথাও ঘুরে ওঠে তার।
চিকিৎসক তাকে দশ দিন বিশ্রাম নেয়ার পরামর্শ দেন।
কলকাতা দলের প্রধান নির্বাহী বেঙ্কে মাইসোর ইএনপিএনক্রিকইনফোকে বলেন, "দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলে গম্ভিরকে খেলানো হবে। তবে এর আগে সুস্থ হয়ে ওঠার মতো সময় দেয়ার জন্য তাকে বাছাই পর্বে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়।"
গম্ভিরের খেলার বিষয়টি আক্ষরিক অর্থে তার ও চিকিৎসকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি জানান।
আহত থাকায় ইয়ন মর্গানকেও পাচ্ছে না শাহরুখের কলকাতা। পাচ্ছে না অস্ট্রেলিয়ার ব্র্যাড হ্যাডিনকেও।
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ১৬ সেপ্টেম্বর তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০০ ঘ.
bdnews24