২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৬ রানের লক্ষ্য টপকাতে ৪ উইকেট নেই বড়দের

বিসিবি কাপের প্রথম একদিনের খেলায় জাতীয় ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ১৮৬ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপের প্রথম একদিনের খেলায় জাতীয় ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ১৮৬ বল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহীম। ব্যাট করতে নেমে রুবেল হোসেন ও সোহরাওয়ার্দী শুভর মারাত্মক বোলিংয়ের মুখে ২০ ওভার ৪ বলে ৭৫ রানে গুটিয়ে যায় একাডেমি দল। আর ১৯ ওভারে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ৭৬ ছাড়িয়ে ৭৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। খেলা হয় মাত্র তিন ঘন্টা। উইকেটে বোলারদের জন্য এমন কিছু ছিল না যে ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খেতে হবে। বোলাররা কেবল ঠিক জায়গায় বল ফেলেছেন, উইকেট থেকে যতটুকু সুবিধা আদায় করে সম্ভব, তা নিয়েছেন। ফলে ৭৬ রান তাড়া করতে নেমে ইমরুল কায়েস ১৩, তামিম ৩৬, শাহরিয়ার নাফীস ২ ও শুভাগত হোম চৌধুরী হিসেবের খাতাই খুলতে পারেননি। স্বভাবসুলভ আগ্রাসী ক্রিকেট খেলেন তামিম। তার ৩৭ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন মুশফিক ও কাপালী। মুশফিক ২ ও কাপালী ২২ রানে অপরাজিত থাকেন। একাডেমি দলের পক্ষে আলাউদ্দিন বাবু ২ উইকেট নেন ১৫ রানে। এর আগে ব্যাট করতে নেমে রুবেল হোসেন ও শফিউল ইসলামের তোপের মুখে পড়ে একাডেমি দল। ৩০ রানের মধ্যে বিদায় নেন মাইশুকুর রহমান ১৮, আনামুল হক ৪, মমিনুল হক ০ ও সাব্বির রহমান ২। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদুল হাসান ও তানভির হায়দার যোগ করেন ২৬ রান। এটাই দলের সবচেয়ে বড় জুটি। দলীয় ৫৬ রানের মাথায় মাহমুদুল (১৪) বিদায় নেয়ার পর বলতে গেলে একাই খেলেন তানভির। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। একাডেমি দলের শেষ ৫ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে কেবল ১ রান। তাদের মধ্যে শেষ চারজন সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। রুবেল ৪ উইকেট নেন ২২ রানে। শুভ ৩ উইকেট নেন ১০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫৩ ঘ.