ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতের সাবেক অধিনায়ক মো. আজহারউদ্দিনের ছেলে আইয়াজউদ্দিন, যিনি নিজেও এক জন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।
ভারতের সংবাদ মাধ্যমের খবর, রোববার সকালে নিজ শহর অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের রিং রোডে মটর সাইকেল দুর্ঘটনার শিকার হন ১৯ বছর বয়সি আইয়াজ। দুর্ঘটনায় আইয়াজের ফুপাতো ভাই (আজহারের ভাগ্নে) আজমল উর রহমান নিহত হয়েছেন।
আইয়াজের মা আজহারের সাবেক স্ত্রী নওরীন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে ছুটে এসেছেন আজহার।
একটি সুজুকি মটর সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনায় পড়েন আইয়াজ ও আজমল। তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আইয়াজের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হায়দরাবাদের অ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক মহেশ যোশী সাংবাদিকদের বলেছেন, "এক জন মারা গেছেন, আরেক জনের (আইয়াজ) অবস্থাও গুরুতর। তার কিডনি ও বুকে আঘাত লেগেছে। রক্তক্ষরণ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি আমরা। তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।"
আইয়াজ সেইন্ট মেরি কলেজে বি কম পড়েন। তার বড় ভাই নওরীনের আরেক ছেলে আশহাদউদ্দিনও বাবার মতো ক্রিকেট খেলেন। মা-ভাই দুজনই হাসপাতালে রয়েছেন।
দুই ভাইয়ের মধ্যে আইয়াজই ভালো ক্রিকেটার বলে পরিবারের ঘনিষ্ঠরা বলছেন। আইয়াজ হায়দরাবাদের অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৯ দলে ছিলেন।
আজহারের বন্ধু অনুরাগ বলেন, "আইয়াজ খুবই ভালো ক্রিকেট খেলে। তার খেলা দেখলে আজহারের কথা মনে পড়ে, মনে হয় যেন আজহারই খেলছে।"
দুর্ঘটনার খবর শুনে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কিরন কুমার রেড্ডি হাসপাতালে ছুটে যান। কিরন নিজেও একজন ক্রিকেটার ছিলেন, খেলেছেন আজহার ও ভেঙ্কটেশ লক্ষনের সঙ্গে।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার আগে আইয়াজের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
আজহারের নিহত ভাগ্নে আজমলও প্রভাবশালী পরিবারের সদস্য। তার দাদা খলিল উর রহমান লোকসভার সদস্য ছিলেন।
ক্রিকেটকে বিদায় জানানোর পর রাজনীতিতে নাম লিখিয়েছেন আজহারও। লোকসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রথম স্ত্রী নওরীনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আজহার বিয়ে করেছেন সাবেক মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১১ ঘ.
bdnews24