২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে লজ্জা দিলেন হাফিজ, ফারহাত

জিম্বাবুয়েকে লজ্জায় ডুবিয়ে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। তখনো হাতে ছিল ৪৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে লজ্জায় ডুবিয়ে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। তখনো হাতে ছিল ৪৭ বল। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলরের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২২৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে হাফিজের শতক ও ফারহাতের অর্ধশতকের সুবাদে কোনো উইকেট না হারিয়ে ৪২ ওভার ১ বলে জয়ের লক্ষ্য ২২৬ ছাড়িয়ে ২২৮ রানে পৌঁছে যায় পাকিস্তান। এ জয়ের ফলে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা। ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক মানলেন, টস জিতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি বলেন, "আজ আমরা খুব বাজে খেলেছি। কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। টস জিতেও ভুল সিদ্ধান্ত নিয়েছি।" চলতি বছর দারুণ কাটছে হাফিজের। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। তার ক্যারিয়ার গড় ২৭.৩৮ হলেও এ বছর তার গড় ৪৩। ম্যাচ সেরা হাফিজ অপরাজিত থাকেন ১৩৯ রানে। এটি তার তৃতীয় শতক। তার ১৪৭ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছয় রয়েছে। অন্য প্রান্তে ফারহাত ৭৫ রানে অপরাজিত থাকেন। তিনি তার ১০৬ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। ৩৬ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন ছন্দে থাকা ভুসি সিবান্দা (১৪) ও চামু চিবাবা (৯)। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে সেখান থেকে দলকে টেনে তুলেন মাসাকাদজা ও টেলর। উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার গতিও বাড়াতে হয়েছে তাদের। তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রানে যোগ করে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান এ দুজন। কিন্তু নিজের অর্ধশতকে পৌঁছেই টেলর (৫০) বিদায় নিলে খেলায় ফিরে পাকিস্তান। টেলর তার ৭৬ বলের ইনিংসটি সাজান ২টি চার দিয়ে। টেলরের বিদায়ের পরও দেখেশুনে খেলতে থাকেন মাসাকাদজা (৬৮)। কিন্তু দলীয় ১৭৬ রানের মাথায় তিনি রান আউট হয়ে সাজঘরের পথ ধরলে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় স্বাগতিকরা। তার ১১৮ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে তাতন্দো তাইবু ২৬ ও ম্যালকম ওয়ালার ১২ সাজঘরের পথ ধরলেও দলকে শেষ পর্যন্ত লড়াই করার পুঁজি গড়ে দেন এল্টন চিগুম্বুরা ও প্রসপার উৎসেয়া। চিগুম্বুরা ১৭ ও উৎসেয়া ১২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে সোহাইল তানভির ২ উইকেট নেন ৩৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৬ ঘ.