২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব নিয়ে ভাবছি না: মুশফিক

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম বলেছেন, অধিনায়কত্ব নিয়ে ভাছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম বলেছেন, অধিনায়কত্ব নিয়ে ভাছেন না তিনি। বিসিবি কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতির তৃতীয় দিন শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, "অধিনায়কত্ব নিয়ে ভাবছি না। তবে কোনো দায়িত্ব পেলে তা পালনের শতভাগ চেষ্টা করবো।" জিম্বাবুয়ে সফরের আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিতে জাতীয় দলের নেতৃত্ব দেন মুশফিক। এবার তেমন কোনো দায়িত্ব পেলে তা পালনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে সফল মুশফিক বলেন, "জিম্বাবুয়েতে দুয়েকজন ভালো করলেও দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। হারের এটাই কারণ, এখানে অন্য কিছু খুঁজতে যাওয়া ঠিক হবে না।" "দলের কোচ জানিয়েছেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং খারাপ হওয়ায় জিম্বাবুয়েতে হারতে হয়েছে। আমরা ভালো খেলি নি তাই হারতে হয়েছে," যোগ করেন তিনি। জিম্বাবুয়ের ব্যর্থতা ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে চান মুশফিক। তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরের ব্যর্থতা কাটিয়ে উঠতে চাই। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ খেলবো সে ব্যাপারে মনযোগ দিতে চাই।" "সবে প্রস্তুতি শুরু করলাম। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ও ভালো ভাবে সুপার কাপ শেষ করতে পারলে প্রস্তুতি ভালো হবে," যোগ করেন তিনি। দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, "ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞ একটি দল। তাদের ব্যাটিং খুব শক্তিশালী, পেস আক্রমণও ভালো।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনেই ভরসা খুঁজছেন তিনি। তিনি বলেন, "আমাদের স্পিনাররা উঁচু মানের। দেশের মাটিতে প্রথম সারির দলগুলোর বিপক্ষেও তাদের সাফল্য রয়েছে। তারা নিজেদের খেলা খেলতে পারলে সিরিজে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে।" "এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু প্রমাণের," যোগ করেন তিনি। বাংলাদেশ দলের শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের সমস্যা আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, "আমার কাছে মনে হয় আমাদের দলটি সবচেয়ে সুশৃঙ্খল। স্টুয়ার্ট ল'ও বলেছেন আমরা কেমন। যগিদ কারো অন্য রকম কিছু মনে হয় সেটি তিনিই বলতে পারবেন।" সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বেশ সফল মনে করেন মুশফিক। তিনি বলেন, "সাকিব খুব ভালো একজন অধিনায়ক। তিনি দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। পরফর্ম করায় দলকে নেতৃত্ব দিতে পারতেন সামনে থেকে। আশাকরি তিনি ভবিষ্যতেও এমন খেলবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৫ ঘ.