ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহ-অধিনায়কের দায়িত্ব থেকে অপসারণ মেনে নেয়ার পরও তামিম ইকবাল বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে তার সঙ্গে কথা বলে নিলে ভালো করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে তিনি দাবি করেন।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে তিনি বলেন, "সিদ্ধান্ত নেয়ার আগে একবার যদি আমার সঙ্গে আলোচনা করতো, তাহলে মনে হয় ভালো হতো। তবে আমার মধ্যে কোনো রাগ নেই, অভিযোগ নেই।"
"আমি নিজেকে সহ-অধিনায়ক বানাইনি, এই দায়িত্ব নিতেও চাইনি। এটা ছিল বোর্ডের সিদ্ধান্ত। এবারও তারাই সিদ্ধান্ত নিয়েছেন, ভালো হোক আর খারাপ হোক, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।"
এক প্রশ্নের জবাবে তামিম বলেন, কেন সরে যেতে হল তার কারণ নিয়ে আমি ভাবছি না। এ ব্যাপারে উদ্বিগ্নও নই। কারণ বিষয়টি আমার হাতে নেই।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব যারাই পাক তাদের প্রতি তামিমের পূর্ণ-সমর্থন থাকবে জানান।
যখন দায়িত্ব ছিল না তখন আরো ভালো করেছেন বলে জানিয়ে তিনি বলেন, সহ-অধিনায়ক হিসেবে মাঠে খুব বেশি দায়িত্ব পালন করতে হতো না। মাঠের বাইরে কিছু কিছু দায়িত্ব ছিল-আমার মনে হয়, সেগুলো আমি যথাযথভাবে ভালোভাবেই পালন করতে পেরেছি।"
অধিনায়কের দায়িত্ব থেকে সাকিব আল হাসান ও সহ-অধিনায়কের দায়ত্ব থেকে তাকে (তামিম) অপসারণের কারণে কি জিম্বাবুয়েতে খারাপ খেলার অন্য বিষয়গুলো চাপা পড়ে গেল? এই প্রশ্নের জবাবে তামিম বলেন, "ইস্যু যদি খোঁজেন তাহলে অনেক ইস্যু পাবেন। কিন্তু এসব নিয়ে ভাবতে চাই না। সামনে নতুন একটা সিরিজ, এখন সেদিকেই মনযোগ দেয়া প্রয়োজন। যা হওয়ার তা হয়ে গেছে।"
"বাংলাদেশ দলে খেলতে পেরে আমি খুব খুশি। দলের হয়ে খেলাই সবচেয়ে আনন্দের। কিভাবে আরো ভালো খেলা যায় সেদিকেই নজর দেয়া দরকার," যোগ করেন তিনি।
আর ভালো করার জন্য ব্রায়ান ভিতোরির কথা ভুলে গিয়ে রবি রামপল, ফিডেল এডোয়ার্ডসদের কথা তিনি ভাবছেন বলে জানান।
তামিমকে গত বছর ৩১ ডিসেম্বর এক বছরের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। তবে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয় ৫ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫০ ঘ.
bdnews24