ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টের বৃষ্টি-বিঘিœত দ্বিতীয় দিনে স্বাগতিকদের চেপে ধরেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার প্রথম পালার ১৭৪ রানের জবাবে তিন উইকেটে রান করেছে ২৬৪।
ফলে দলটি এগিয়ে আছে ৯০ রানে। হাতে আছে ৭ উইকেট।
উইকেটে আছেন শন মার্শ ৮৭ রান নিয়ে। অন্য প্রান্তে ৭৬ রানে অপরাজিত রয়েছেন মাইক হাসি।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটি আগের দিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য 'মাইনফিল্ড' হয়ে উঠলেও রানের ফুলঝুড়ি ছুটিয়ে চলেছেন অস্ট্রেলীয়রা। আক্ষরিক অর্থেই শ্রীলঙ্কার বোলাররা কোনো সুবিধাই করতে পারছেন না।
শুক্রবার দিনের শুরুতে সুরাঙ্গা লাকমাল সফলতার মুখ দেখলেও দলকে ধীরে ধীরে স্বাগতিকদের নাগালের বাইরে নিয়ে যাচ্ছেন মার্শ ও হাসি। ১১৬ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দলনায়ক মাইকেল ক্লার্কের (১৩) বিদায়ের পর মার্শের সঙ্গে জুটি বাঁধেন হাসি।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ১৪৮ রান তুলে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন তারা দু'জনে। মার্শের ২১১ বলের ইনিংসে চার রয়েছে ১১টি। হাসি তার ১৫২ বলের ইনিংসটি সাজান আটটি চার দিয়ে।
সকালে দিনের খেলা শুরু হতেই ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। তিনি তার আগের দিনের ৩৬ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি। স্কোর বোর্ডেও যোগ হয়নি তখন কোনো রান।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজেসও খুব একটা সুবিধা করতে পারেননি। দলীয় ৯৫ রানের মাথায় সাজঘরে ফিরে যাওয়ার আগে তিনি তার ২৩ রানের সঙ্গে যোগ করেন ১৩। তারা দু'জনে দিনের খেলা শুরু করেন ৬০ রান নিয়ে।
চা-বিরতি শেষে পর্যাপ্ত আলোর অভাবের কারণে খেলা হয় মাত্র ৪ ওভার ৩ বল। আর সারা দিনে খেলা হয়েছে ৭৪ ওভার ৫ বল।
শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন চানাকা ওয়েলেগেদারা, সুরাজ রনদিব ও লাকমাল । এ জন্য ওয়েলেগেদারা দেন ৪৫ রান। রনদিব দেন ৪৯ ও লাকমাল ৬০।
তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৯ ঘ.
bdnews24