ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরামর্শ দিলেও বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক কে হবেন, সে ব্যাপারে বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।
অক্টোবরের ৩ তারিখে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসছে। যদিও দিনক্ষণ এখনো ঠিক হয়নি। সফরে ওয়েস্ট ইন্ডিজ দু'টি টেস্ট, তিনটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় অধিনায়ক ও দল গোছানো সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, "দল গোছাতে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।"
তবে নতুন অধিনায়ক কে হচ্ছেন সে ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমরা (নির্বাচকরা) হয়তো কোনো পরামর্শ দিতে পারি।"
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল'য়ের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেন, "আমার বক্তব্য বোর্ডকে জানিয়েছি। একেক জনের বক্তব্য একেক রকম হতেই পারে। বোর্ড তার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।"
কয়েকদিন আগে অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে।
হাবিবুল ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৩৯ ঘ.
bdnews24