ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কত্ব হারানো সাকিব আল হাসানের জন্য শাপেবর হতে পারে বলে মনে করছেন কোচ স্টুয়ার্ট ল।
বিসিবি কাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, "সাকিব চমৎকার একজন খেলোয়াড়। এখন থেকে তার উপর কোনো চাপ থাকছে না। অধিনায়কের দায়িত্বে না থাকা তার জন্য ভালো হতে পারে।"
সাকিবের নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, "বাংলাদেশের মতো দলের নেতৃত্ব দেয়া সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দায়িত্ব নেয়ার পর সাকিব দারুণ খেলছিলেন। প্রচণ্ড চাপের মধ্যেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।"
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫ সেপ্টেম্বর এক সভায় নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে অপসারণ করে।
ল একে দুভার্গ্যজনক বলে অভিহিত করে বলেন, "বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের তা মেনে নিতে হবে।"
"এটা আমাকে বিস্মিত করেছে। তবে এ ব্যাপারে আমার প্রতিক্রিয়া জানানো খুব কঠিন হবে," যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অধিনায়ক ও সহ-অধিনায়ক দলের অন্য খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তারাও খেলোয়াড়দের সম্মান আদায় করে নিয়েছেন।"
তিনি বলেন, "ড্রেসিং রুম নিয়ে যে সব খবর বেরিয়েছে তা সত্য থেকে অনেক দূরে।" দলের খেলোয়াড়রাও খুব সুশৃঙ্খল বলে তিনি মনে করেন। যদিও তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রতিটি সেকেন্ড দলের সঙ্গে নির্বাচকের থাকা, ড্রেসিং রুমে থাকা আমার কাছে একেবারে নতুন বলে মনে হয়েছে। এটি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে পারে।"
দলের যে কেউ অধিনায়কত্ব পেতে পারেন বলে মনে করেন ল। তিনি বলেন, "দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছেন। তাদের যে কেউ দায়িত্ব নিতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯২৪ ঘ.
bdnews24