ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছর জানুয়ারিতে আলোর মুখ দেখতে পারে দিন-রাতের ক্রিকেট টেস্ট ম্যাচ।
জিম্বাবুয়ের নিউজিল্যান্ড সফরে নেপিয়ার টেস্ট হতে পারে ফ্লাড লাইটের আলোয়, গোলাপী বল দিয়ে। তবে এর আগে অক্টোবরে এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। যদি তা সফল হয় তাহলে আয়োজন করা হবে দিন-রাতের টেস্ট।
এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আগামী সপ্তাহে কেন্ট ও গ্ল্যামারগনের মধ্যে প্রথম শ্রেণীর খেলাটি দিন-রাতের হবে বলে ঘোষণা দিয়েছে।
ইএসপিএনক্রিকইনফোকে এমসিসির ক্রিকেট বিষয়ক পরিচালক জন স্টিফেনসন বলেন, "অক্টোবরের শেষের দিকে হ্যামিল্টনে এমসিসি ও নর্দান ডিস্ট্রিক্টসের মধ্যে দিন-রাতের প্রথম শ্রেণীর খেলা আয়োজন নিয়ে আমি এখন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করছি। যদি খেলা আয়োজনের পাশাপাশি সফলভাবে তা শেষ করা সম্ভব হয় তাহলে নিউজিল্যান্ড ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্মতি সাপেক্ষে জানুয়ারির শেষে দিকে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে ফ্লাড লাইটের আলোয় একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭২১ ঘ.
bdnews24