২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত হেরেই গেল জিম্বাবুয়ে

জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৫ রানে হার মানতে হলো জিম্বাবুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৫ রানে হার মানতে হলো জিম্বাবুয়েকে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সকালে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৭ রান করে পাকিস্তান। রান তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ২৪২ রানে। দুপুরে ব্যাট করতে নেমেই হোঁচট খায় জিম্বাবুয়ে। দলীয় ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান চামু চিভাভা (১ রান)। কিন্তু স্বাগতিকদের পথে রাখেন ভুসি সিবান্দা। দলীয় ১১৪ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান বিদায় নেয়ার আগে সিবান্দা করেন ৭৩। তার ৮৯ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। ছক্কা দু'টি। সিবান্দা যেখানে শেষ করেন সেখান থেকে শুরু করেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ২৩৩ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি ৮৪ রান করে। তার ১০৩ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। আক্ষরিক অর্থেই ইনিংসের প্রথম অর্ধে দলকে জয়ের পথে এগিয়ে নেন সিবান্দা। আর শেষের অর্ধে টেলর ছড়াচ্ছিলেন জয়ের সুবাস। কিন্তু ১৪ বল বাকি থাকতে টেলরের বিদায়ের পর স্বাগতিকদের আর জয়ের পথে রাখতে পারেননি ব্যাটসম্যানরা। পাকিস্তানের পক্ষে আইজাজ চিমা ৩ উইকেট নেন ৩৬ রানে। এর আগে পাকিস্তানের শুরুটা কিন্তু একদম ভালো হয়নি। স্কোর বোর্ডে ১ রান জমা হতেই সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফরহাত। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তিন নম্বর ব্যাটসম্যান ইউনুস খান প্রাথমিক ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন। দলীয় ৭৪ রানের মাথায় হাফিজ (২৬ রান) বিদায় নিলে ইউনুসের সঙ্গে যোগ দেন অধিনায়ক মিসবাহ উল হক। দু'জনই আদায় করে নেন অর্ধশতক। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৮ রান করেন ইউনুস। মিসবাহ করেন ৫৪। এছাড়া উমর আকমলের ব্যাট থেকে আসে ৩৬ রান। ইউনুস তার ৭২ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। আর মিসবাহর ৬৪ বলের ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছক্কা। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন রে প্রাইস ও ক্রিস এমপোফু। এজন্য প্রাইস দেন ৩৯ রান। এমপোফু ৫৪। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় খেলা হবে ১১ সেপ্টেম্বর হারারেতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৫৪ ঘ.