ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই খেলাতেই টেস্ট সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। আর স্বাগতিক শ্রীলঙ্কা চায় ফিরতে।
পাল্লেকেলেতে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু হবে।
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কায় টেস্ট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বতর্মান দলের কেবল একজনেরই রয়েছে। ২০০৪ সালের ওই সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন রিকি পন্টিং। কিন্তু গল টেস্ট জিতে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট জেতার রেকর্ড গড়েই তিনি পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তাই ব্যাটিং শক্তি অনেকটাই কমে গেছে সফরকারীদের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফিরে যান পন্টিং।
অন্যদিকে ওই সিরিজে শ্রীলঙ্কার হয়ে খেলা পাঁচ ক্রিকেটার দলে রয়েছেন।
পন্টিংয়ের বদলে শন মার্শের অন্তর্ভূক্তি ছাড়া অপরিবর্তিত রয়েছে অস্ট্রেলিয়া দল। শেন ওয়াটসনের সঙ্গে ইনিংসের উদ্বোধন করবেন ফিল হিউজেস। তিন নম্বরে খেলবেন মার্শ। এর আগে উসমান খাজা পন্টিংয়ের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করলেও গলে প্রথম টেস্টে ছয় নম্বরে ব্যাট হাতে নামেন তিনি।
মাঝের সারির ব্যাটসম্যান অধিনায়ক মাইকেল ক্লার্ক, মাইক হাসি, উসমান ও ব্র্যাড হ্যাডিন শ্রীলঙ্কার বোলারদের কঠিন পরীক্ষা নিতে পারেন। স্পিন যথেষ্ট ভালো খেলেন ক্লার্ক ও হাসি। তাদের সঙ্গে পাল্লা দিচ্ছেন উসমান ও হ্যাডিনও।
মিচেল জনসন, রায়ান হ্যারিস ও ট্রেন্ট কপল্যান্ড গলে স্পিন সহায়ক পিচেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নাকাল করে ছাড়েন। এবারও যে তারা তাই করার চেষ্টা করবেন, তা নিঃসন্দেহে বলা যায়।
মাইকেল বিয়ারকে টেক্কা দিয়ে প্রথম টেস্টে খেলতে নেমেই বাজিমাত করে দেন নাথান লিয়ন। প্রথম পালায় ৫ উইকেটে নিয়ে শ্রীলঙ্কাকে ১০৫ রানে গুটিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রাখেন তিনি। যদিও দ্বিতীয় পালায় তাকে বেশ ভুগতে হয়েছে। তবে স্বাগতিক ব্যাটসম্যানদের চাপে ফেলার সামর্থ্য তার আছে।
শ্রীলঙ্কার ব্যাটিংও বেশ শক্তিশালী। অধিনায়ক তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা যে কোনো উইকেটে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন।
এছাড়া দলের ব্যাটিংয়ে গভীরতা এনে দিয়েছেন উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনে ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
সুরাঙ্গা লাকমাল ও চানাকা ওয়েলেগেদারা শুরুতে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিতে পারেন। তবে ওয়েলেগেদারার বদলে পাল্লেকেলে টেস্টে সামিন্দা এরাঙ্গাকে মাঠে দেখা যেতে পারে। যদি তিনি খেলেন তাহলে এটিই হবে তার প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে অভিষেক হয় তার।
তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবেন রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস। প্রথম টেস্টে মেন্ডিসের বদলে সুরাজ রনদিবকে খেলানো বড় একটা বিস্ময় হয়ে আছে। টি-টোয়েন্টি ও একদিনের খেলায় মেন্ডিসের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কখনো স্বস্তিতে ছিলেন ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫২ ঘ.
bdnews24