২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত উইকেটে জয় ইংল্যান্ডের

বৃষ্টি-বিঘিœত দ্বিতীয় একদিনের খেলায় ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। খেলা হয়েছে ২৩ ওভারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি-বিঘিœত দ্বিতীয় একদিনের খেলায় ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। খেলা হয়েছে ২৩ ওভারের। ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম খেলাটি বৃষ্টিতে ভেসে যায়। সাউদাম্পটনের রোজ বৌলে মঙ্গলবার বৃষ্টির কারণে দিন-রাতের খেলাটি নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খেলা ২৩ ওভারে কমিয়ে আনা হয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আজিঙ্কা রাহানের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রেগ কিসওয়েটারের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। তখনো হাতে ছিল ৫ বল। জয়ের লক্ষ্য ১৮৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ভারতের বোলাদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন কুক ও কিসওয়েটার। বিশেষ করে, কিসওয়েটার। মাত্র ৩৮ বলে তারা ৬৭ তোলেন। শেষ পর্যন্ত ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে সাজঘরের পথ ধরেন কিসওয়েটার। যদিও তাতে ঝড় থামেনি। কুকের সঙ্গে সমানে ব্যাট চালাতে থাকেন তিন নম্বর ব্যাটসম্যান ইয়ান বেল। তারা ২৬ বল খেলে দলের খাতায় আরো ৩৮ রান যোগ করেন। দলীয় ১০৫ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বেল। ১৬ বল খেলে ৪টি চারের সাহায্যে ২৫ রান করেন তিনি। এরপর ব্যাট হাতে নামেন রবি বোপারা। দলীয় ১৬৫ রানের মাথায় বোপারা (২৪ রান) বিদায় নিলেও দলকে জয় উপহার দিয়ে সাজঘরে ফেরেন কুক। ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ৬৩ বলের ইনিংসে চার রয়েছে ৫টি ও ছক্কা ১টি। ম্যাচ সেরাও হন তিনি। ভারতের পক্ষে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। এর আগে ভারতের ইনিংসের শুরুটাও ভালো হয়। বিশেষ করে, উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধুনো করেন। তিনি ও রাহানে মিলে ২০ বলে তোলেন ৩০ রান। এতে রাহানের অবদান মাত্র ১। প্যাটেল ৩ চার ও ২ ছক্কার সাহায্যে ১৮ বলে করেন ২৮। তিন নম্বরে ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও রাহানে মিলে তৃতীয় উইকেট জুটিতে ৬৬ বলে ৭৯ রান করেন। দলীয় ১০৯ রানের মাথায় বিদায় নেন দ্রাবিড় (৩২ রান)। এরপর ঝড়ের গতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহানে ও সুরেশ রায়না। দলীয় ১৪৩ রানের মাথায় ৪৭ বলে ৫৪ রান করে সাজঘরের পথ ধরেন রাহানে। তারপরও ঝড় কমেনি, বরং তার মাত্রা বাড়িয়ে দেন রায়না। তিনি যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল ভারত দু'শ'র রান টপকে যাবে। কিন্তু দলীয় ১৮২ রানের মাথায় ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ৪০ রান করে বিদায় নেন রায়না। ভারতের আর কোনো ব্যাটম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও টিম ব্রেসন্যান। এ জন্য সোয়ান দেন ৩৩ রান। ব্রেসন্যান ৪৩। তৃতীয় একদিনের খেলা হবে ৯ সেপ্টেম্বর ওভালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬০৪ ঘ.