ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অফস্পিনার নাথান লিয়নের ব্যাপারে নির্বাচকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন।
হ্যাডিন বলেন, "লিয়ন একজন প্রতিভাবান ক্রিকেটার। তাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। তার সামনে এখনো উন্নতির করার অনেক সুযোগ রয়েছে।"
২৩ বছর বয়সী লিয়ন গল টেস্টের প্রথম পালায় ৫ উইকেট নেন ৩৪ রানে। তবে দ্বিতীয় পালায় একটু ভুগতে হয়েছে তাকে। সেবার ১ উইকেট নেন ৭৩ রানে।
হ্যাডিন বলেন, "লিয়নের ব্যাপারে আমাদের আরো ধৈর্য্য ধরতে হবে। আমরা ধরে নিতে পারি না সব স্পিনারই নিজেদের বিশ্বমানের নিয়ে যাবেন। আমাদের পরিস্কার থাকতে হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা কী এবং নিজেদের কাছে তাদের প্রত্যাশা কী।"
তিনি বলেন, "মোটে পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার। তবে তিনি দেখিয়েছেন বল হাতে ঠিক কী করতে পারেন। এখন তার উন্নতির সময়। দিন দিন তিনি কেবল আরো এগিয়ে যাবেন। আমরা জানি স্পিনারদের উন্নতির জন্য তাদের আমাদের সময় দিতে হবে।"
হ্যাডিন লিয়নকে তুলনা করেছেন ইংল্যান্ডে অফস্পিনার গ্রায়েম সোয়ানের সঙ্গে। তিনি বলেন, "তার বলে উইকেটের পেছনে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি তার সঙ্গে গ্রায়েম সোয়ানের বেশ মিল রয়েছে।"
লিয়নের শৈশবের বন্ধু ট্রেন্ট কপল্যান্ডও টেস্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হ্যাডিন বলেন, "গত দুই বছর ধরে আমরা যা প্রত্যাশা করছিলাম তা কপল্যান্ডের বলে রয়েছে। নিউ সাউথ ওয়েলসে তার খেলা দেখেছি। বোলিয়ে খুবই সুশৃঙ্খল তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৬ ঘ.
bdnews24