২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জয়ের সন্ধানে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয়ের বৃত্ত ভেঙ্গে জয় চায় ভারত। চেস্টার লি স্ট্রিটে বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে যেটুকু খেলা হচ্ছে তাতে দ্বিতীয় একদিনের ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর কথা ভাবতেই পারে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয়ের বৃত্ত ভেঙ্গে জয় চায় ভারত। চেস্টার লি স্ট্রিটে বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে যেটুকু খেলা হচ্ছে তাতে দ্বিতীয় একদিনের ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর কথা ভাবতেই পারে সফরকারীরা। সাউদাম্পটনে মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে খেলবে ইংল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। সিরিজে ম্যাচ রয়েছে পাঁচটি। চার ম্যাচের টেস্ট সিরিজে বাজে হারের পর টানা তিনটি প্রস্তুতি ম্যাচে জেতা নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পায় ভারত। কিন্তু একমাত্র টি-টোয়েন্টিতে হারের পর আবারো পিছিয়ে পড়ে ভারত। প্রথম একদিনের ম্যাচে রাহুল দ্রাবিড়ের বিতর্কিত আউট ও প্রথম বলেই রোহিত শর্মা আহত হয়ে মাঠ ছাড়ার পরও লড়াকু পুঁজি গড়ে ভারত। পরে শুরুতেই ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দলকে ভালো সূচনা এনে দেন প্রভিন কুমার। এসবই স্বপ্ন দেখাচ্ছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তিনি বলেছেন, "আমাদের যতটুকু আছে তার সবটুকু দিয়ে লড়াই করবো আমরা। প্রথম ম্যাচে দল যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট।" একদিনের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এই ফরম্যাটে যে কোনো মাঠেই বিপদজনক দল। ভারতের বিশ্বকাপ জেতা দলের অনেক সদস্যই বর্তমান স্কোয়াডে নেই। চোটের কারণে বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, জহির খান, যুবরাজ সিং ও হরভজন সিংয়ের অনুপস্থিতিতে ভারত অনেকটাই শক্তি হারিয়েছে। দ্বিতীয় ম্যাচের আগেই সিরিজ শেষ হয়ে গেছে শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার। শর্ট বলের বিপক্ষে ভুগছেন সুরেশ রায়না ও ধোনি। তবে সীমিত ওভারের দলে ডাক পাওয়া বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল রানের মধ্যে রয়েছেন। রান পাচ্ছেন অজিঙ্কিয়া রাহানেও। তাদের সঙ্গে আছেন টেস্টে ভালো ব্যাট করা রাহুল দ্রাবিড়। ভারতের ব্যাটিং অনেকটা নতুন চেহারা পেলেও ইংল্যান্ডের বোলারদের পাল্টা আঘাত হানতে তারা সক্ষম। প্রভিন কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার বল হাতে ধোনিকে নির্ভরতা দিচ্ছেন। প্রথম ম্যাচে শুরুটা বাজে হলেও ছেড়ে বলবে না ইংল্যান্ড। স্বাগতিকদের এগিয়ে রাখছে তাদের বোলাররা। বল হাতে টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান ও অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ছন্দে আছেন। টেস্ট সিরিজে ব্রড বলের পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল। ফর্মে আছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও। জনাথন ট্রট, ইয়ন মর্গান, ইয়ান বেল ছন্দেই আছেন। তারা যেকোনো বোলিংকে গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৫ ঘ.