২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব হারালেন সাকিব

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। মূলত জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার মাসুল দিতে হলো তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। মূলত জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার মাসুল দিতে হলো তাদের। ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার জন্য দলের ম্যানেজার ও নির্বাচকদের প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।" সাকিব ও তামিমকে এই দায়িত্ব দেয়া হয় গত ৩১ ডিসেম্বর। তাদের দায়িত্ব পালন করার কথা এক বছর। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সরে দাঁড়াতে হলো তাকে। তবে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। শিগগির এ নিয়ে বিসিবি কাজ শুরু করবে জানান জালাল ইউনুস। এছাড়া জাতীয় দলের ম্যানেজার পদ থেকে সরে যেতে হয়েছে তানজীব আহসান সাদকেও। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, "বিসিবির ক্রিকেট অপারেশন্সের একজন ম্যানেজার খোঁজা হচ্ছে। তিনিই জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করবেন।" বর্তমানে ক্রিকেট অপারেশন্সের ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে কাজ করছেন সাব্বির খান। এছাড়া যেসব খেলোয়াড় জিম্বাবুয়ে সফরে শৃঙ্খলা মেনে চলেননি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জালাল ইউনুস জানান। জালাল ইউনুস আরো জানান, ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে ৩ অক্টোবর। তবে সফর সূচি এখনো নির্ধারিত হয়নি। এই সফরকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বাংলাদেশ হারে ১৩০ রানে। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হারে সফরকারীরা। পরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩-২ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম তিন হেরে জিম্বাবুয়ের কাছে পাঁচ বছরের মধ্যে প্রথমবার সিরিজ খোঁয়ায় সাকিবের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/এএল/টিআর/১৭০০ ঘ.