ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৮৩ রানে। হাতে আছে ৪ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ২৭৩ রানের জবাব দিতে গিয়ে নাথান লিয়নের মারাত্মক বোলিংয়ের মুখে অসহায় হয়ে পড়েন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় ১০৫ রানে।
দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও। ১১৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে আছে তারা।
উসমান খাজা ব্যাট করছেন ২ রান নিয়ে। অন্য প্রান্তে ৩ রানে অপরাজিত রয়েছেন মিচেল জনসন।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ছেড়ে দ্বিতীয় পালায় নিজেরাই বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে মাত্র ৫ রান জমা হতেই বিদায় নেন শেন ওয়াটসন (০) ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং (৪)। এতে রীতিমতো খাদে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এ অবস্থায় হাল ধরেন ফিলিপ হিউজেস ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু খাদ থেকে টেনে তুলতে পারেননি দলকে। ৬১ রানের মাথায় ২৮ রান করে বিদায় নেন হিউজেস।
ক্লার্ক খেলে যেতে থাকলেও শেষ পর্যন্ত তাকেও সাজঘরের পথ ধরতে হয় ১১০ রানের মাথায়। দলের সঙ্গে আর দুই রান যোগ হতেই বিদায় নেন মাইক হাসি (১৫) ও ব্র্যাড হ্যাডিন (০)। ফলে খাদ থেকে ওঠা আর হয়ে ওঠেনি অস্ট্রেলিয়ার।
শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন রঙ্গনা হেরাথ ৫১ রানে।
বৃহস্পতিবার সকালে ব্যাটিংয়ে নেমেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। বলতে গেলে কোনো ব্যাটসম্যানের ব্যাট হাসেনি। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন থারাঙ্গা পারানাভিতানা। আর ২৬ রান আসে থিলান সামারবীরার ব্যাট থেকে।
এছাড়া উল্লেখ করার মতো রান আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি। আর দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি সাত ব্যাটসম্যান।
লিয়ন ৫ উইকেট নেন ৩৪ রানে। এছাড়া ১১ রানে ৩ উইকেট নেন শেন ওয়াটসন।
তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৮ সেপ্টেম্বর পাল্লেকেলেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৩ ঘ.
bdnews24