ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগ ব্যাশ লিগে খেলতে পারেন শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন তিনি পাঁচ বছর আগে।
ওয়ার্ন মেলবোর্নের একটি বেতার কেন্দ্রকে জানান, তাকে বিবিএল দূত, পরামর্শক ও খেলার প্রস্তাব দেয়া হয়েছে। এই তিনটি প্রস্তাব ছাড়াও ব্যবসা-বাণিজ্য করার বিষয়টিও তিনি এখন খতিয়ে দেখছেন।
তবে খেলার সম্ভাবনাও আছে বলে ওয়ার্ন জানান। তিনি বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেট আমি খেলতে পারি।" তবে বিবিএলে কয়টি ম্যাচ খেলতে পারবেন সে ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারছেন না।
ওয়ার্ন যদি খেলেন তাহলে বিবিএল নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। এরই মধ্যে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যাথু হেইডেন প্রতিযোগিতায় খেলবেন বলে জানিয়েছেন।
হেইডেনও অবসর নিয়েছিলেন। তবে ব্রিসবেন হিটের হয়ে মাঠে দেখা যাবে তাকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ওয়ার্ন অবসর নেন এ বছরের প্রথম দিকে।
বিবিএলে শহর-ভিত্তিক আটটি দল অংশ নিচ্ছে। ১৮ সদস্যের দল গঠনের জন্য দলগুলো সময় পাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এর এক সপ্তাহ পর মাঠে গড়াবে প্রতিযোগিতা।
এ পর্যন্ত সিডনি থান্ডারই কেবল পুরো দলের নাম ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫০ ঘ.
bdnews24