ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুটি গড়ে না ওঠায় ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছে বলে মনে করছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ড জিতে নেয় ৬ উইকেটে। এর আগে চার টেস্টের সিরিজের সব খেলাতেই হারে ভারত। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে শনিবার টেস্টার লি স্ট্রিটে।
খেলা শেষে ধোনি বলেন, "পাঁচদিনের, একদিনের কিংবা টি-টোয়েন্টি, যে ধরনের খেলাই হোক না কেন, জেতার জন্য অবশ্যই জুটি গড়ে তুলতে হবে। ১২ ওভার পর আমাদের মতো উইকেট পড়তে থাকলে আপনাকে তা কোনোভাবে এগিয়ে নেবে না। শেষে দিকে মেরে খেলার জন্য নিশ্চয় পাঁচ/ছয়টি উইকেট হাতে রাখতে চাইবেন আপনি।"
ভারত শেষ নয়টি উইকেট হারায় শেষ আট ওভারে। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৬৫ রানে।
আরো ১৫ থেকে ২০ রান তোলা দরকার ছিল বলে মনে করেন ধোনি। বলেন, "কিন্তু আমরা তা পারিনি। কেননা আমরা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলি। অথচ ওই সময় আমাদের রান তোলা দরকার ছিল।"
এছাড়া পঞ্চম বোলারের অভাবও হাড়ে হাড়ে অনুভব করেন তিনি। সে কথা বলতেও দ্বিধা করেননি।
পঞ্চম বোলারের দায়িত্ব পালন করেন বিরাট কোহলি ও রহিত শর্মা, ভাগাভাগি করে। এই দু'জনে চার ওভারে দেন ৪৮ রান।
খেলায় হারলেও এ রাহানে ও রাহুল দ্রাবিড়ের প্রশংসা করেন ভারত অধিনায়ক। দেশের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমে অর্ধশতক আদায় করে নেন রাহানে। শেষ পর্যন্ত সাজঘরের পথ ধরেন ৬১ রান করে। আর ৩১ রান করার পথে তিনটি ছক্কা হাঁকান দ্রাবিড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৪ ঘ.
bdnews24