ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন পাকিস্তানীকেই সে দেশের ক্রিকেট দলের কোচ হিসেবে দেখতে চান জহির আব্বাস।
পাকিস্তান ক্রিকেট বোর্ড গঠিত নতুন কোচ নিয়োগ কমিটি সদস্যদের একজন জহির। জিম্বাবুয়েই বর্তমান কোচ ওয়াকার ইউনুসের শেষ সফর বলে তিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন।
জহির বলেন, "দলের কোচ হিসেবে আমি একজন পাকিস্তানিকেই দেখতে চাই। ওয়াকারের প্রশিক্ষণে দল অনেক দূর এগিয়েছে। একে ভিত্তি করেই আমাদের এগিয়ে যাওয়া দরকার।"
পাকিস্তানের পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, "আমাদের দেশে একজন বিদেশির কাজ করা আসলেই কঠিন। সব সময় নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন থাকবেন। এর ফলে পর্যাপ্ত সময় তার পাকিস্তানে থাকা কঠিন হয়ে পড়বে।"
পাকিস্তানের কোচ হওয়ার মতো আদর্শ লোকটির কি কি গুণ থাকতে হবে? এই প্রশ্নের জবাবে সাবেক ব্যাটসম্যান বলেন, অ-বিতর্কিত, সর্বোচ্চ পর্যায়ে বহুদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং অবশ্যই তাকে অভিজ্ঞ হতে হবে।
ভুল বোঝাবুঝি যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আগেভাগেই নতুন কোচের কাজের পরিধি জানিয়ে দেয়া উচিত বলে উল্লেখ করে জহির বলেন, এছাড়া তাকে দীর্ঘ দিনের জন্য নিয়োগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি তিন বছরের কথা উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪০ ঘ.
bdnews24