ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে বেশ সতর্ক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
শ্রীলঙ্কার বোলিং আক্রমণের প্রধান অস্ত্র স্পিনারদের উইকেট নেয়া থেকে বিরত রাখতে এবার ভিডিও ফুটেজের শরণাপন্ন হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ ও সুরাজ রনদিভের হাতের অবস্থান দেখতে ভিডিও'র সামনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
১৯৯৪-৯৫ সালের অ্যাশেজ সিরিজে শেন ওয়ার্নকে মোকাবেলা করার জন্য ঠিক এমন প্রস্তুতিই নিয়েছিল ইংল্যান্ড। সেবার তারা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে ওয়ার্নের বলের ভিডিও ফুটেজ দেখেছিল তারা।
জাদুকরী ফুটেজ দেখে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা মুগ্ধ হলেও প্রথম দুই টেস্টেই কিন্তু ওয়ার্ন তাদের নাস্তানাবুদ করেছিলেন। অস্ট্রেলিয়ার দলনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য বলেছেন, ওই ভুল অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা করবেন না। যদিও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা একমাত্র সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়েরই রয়েছে।
ক্লার্ক বলেন, "আমরা খুব বেশি ফুটেজ দেখছি না। কেবল বিভিন্ন ডেলিভারি দেয়ার সময় তারা হাত নিয়ে কি করে সেটাই বোঝার চেষ্টা করছি।"
তিনি বলেন, "আমরা দেখার চেষ্টার করছে হাত কেমন থাকলে কোন ডেরিভারি তারা দেন। তাদের মোকাবেলা করার আগে এটা জানা থাকা খুব দরকার।"
তিনি বলেন, "শুধু স্পিনাররাই নন এই কন্ডিশনে পেসাররাও ভালো করবেন। সেকারণে ইংল্যান্ডে ভালো বল করা চানকা ওয়ালেগেদারার বলের ভিডিও ফুটেজও দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়দের স্পিন ও পেসের বিপক্ষে সাফল্য পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ ধরনের কন্ডিশনে খেলতে উসমান খাজা ও ফিল হিউজেসকে পন্টি, ক্লার্ক, শেন ওয়াটসন ও মাইক হাসির পরামর্শ নিতে হবে।
ক্লার্ক বলেন, "আমি মনে করি স্পিনের বিপক্ষেই আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য। কিন্তু আমার মনে পেসের চেয়ে স্পিনেই আমি বেশিবার আউট হয়েছি। স্পিনে রান পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু সেই সঙ্গে কিন্তু এখানে ঝুঁকিটাও বেশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০০ ঘ.
bdnews24