ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, অক্টোবরে জিম্বাবুয়ে সফর করবে নিউজিল্যান্ড।
পূর্ণাঙ্গ ওই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
হারারেতে ১৫ অক্টোবর নিউজিল্যান্ডের আসার কথা। এখানে দুটি টি-টোয়েন্টি ও প্রথম দুটি একদিনের ম্যাচ খেলবে তারা।
এর পর বুলাওয়েতে সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলবে তারা। একমাত্র টেস্ট খেলার আগে এখানে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
এর আগে ২০০৫ সালে শেষবার জিম্বাবুয়ে সফর করে নিউজিল্যান্ড। সেবার তারা দুটি টেস্ট ও তিনদেশীয় একদিনের সিরিজে অংশ নেয় তারা। সিরিজের তৃতীয় দেশ ছিল ভারত।
এর আগে অগাস্টে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর করেছে এবং পাকিস্তান এ মুহূর্তে পূর্ণাঙ্গ সিরিজের জন্য জিম্বাবুয়ে সফর করছে।
জিম্বাবুয়ে সফর থেকে ফিরেই প্রতিবেশী অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়া সফরে সিডনি ও ব্রিসবেনে দুটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫০০ ঘ.
bdnews24