ঢাকা. অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে টানা পরাজয়ের বৃত্ত ভেঙ্গে জয় চায় ভারত। তবে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাটিতে জেতা খুব সহজ হবে না।
ম্যানচেস্টারে বুধবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলবে ইংল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে।
চার ম্যাচের টেস্ট সিরিজে বাজে হারের পর টানা তিনটি প্রস্তুতি ম্যাচে জেতা নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে।
একদিনের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত সীমিত ওভারের ক্রিকেটে যে কোনো মাঠেই বিপদজনক দল।
ভারতের বিশ্বকাপ জেতা দলের অনেক সদস্যই বর্তমান স্কোয়াডে নেই। চোটের কারণে বীরেন্দর শেবাগ, জহির খান, যুবরাজ সিং ও হরভজন সিংয়ের অনুপস্থিতিতে ভারত অনেকটাই শক্তি হারিয়েছে। অনিশ্চিত গৌতম গম্ভিরও।
দলে থাকলেও নিজেদের ছায়া হয়েই আছেন সুরশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে সীমিত ওভারের দলে ডাক পাওয়া বিরাট কোহলি, পার্থিব প্যাটেল ও রোহিত শর্মা ইংল্যান্ডে এসে দলকে প্রস্তুতি ম্যাচে টানা তিন জয় এনে দিয়েছেন। তাদের সঙ্গে আছেন টেস্টে ভালো ব্যাট করা রাহুল দ্রাবিড়।
ভারতের ব্যাটিং অনেকটা নতুন চেহারা পেলেও ইংল্যান্ডের বোলারদের পাল্টা আঘাত হানতে তারা সক্ষম।
রবীচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার বল হাতে ধোনিকে নির্ভরতা দিচ্ছেন। সব মিলিয়ে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে লড়াই করার আভাস দিচ্ছে ভারত।
নিজেদের মাঠে সব ফরম্যাটের ক্রিকেটেই ভয়ঙ্কর দল ইংল্যান্ড। এর আগের সিরিজেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে হারলেও এবার জয় চায় তারা।
ইংল্যান্ডকে এগিয়ে রাখছে তাদের বোলাররা। বল হাতে টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান ও অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ছন্দে আছেন। টেস্ট সিরিজে ব্রড বলের পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল।
ফর্মে আছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও। কেভিন পিটারসেন, রবি বোপারা, ক্রেগ কিসওয়াটার ও ইয়ন মর্গান যেকোনো বোলিংকে গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১২ ঙ.
bdnews24