ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন দলের কোচ রশিদ খান।
তিনি বলেন, "চীনের 'পারফরমেন্স' বেশ ভালো এবং ধীরে ধীরে উন্নতি করছে।"
পাকিস্তানের সাবেক টেস্ট খেলোয়াড় রশিদ দ্য নিউজকে বলেন, "২০০৬ সালের পর থেকে চীনের ক্রিকেট বেশ উন্নতি করেছে।" তবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়েছে বলে মনে করেন তিনি। রশিদ বলেন, "আমি মনে করি চীনে ক্রিকেটের ভবিষ্যত খুবই ভাল।"
পাকিস্তানের হয়ে রশিদ চারটি টেস্ট ও ২৯টি একদিনের ম্যাচ খেলেন।
চীনের ক্রিকেটের উন্নয়নের পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বিশেষ করে বোর্ডের মহা-পরিচালক জাভেদ মিয়াঁদাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করেন রশিদ।
তিনি বলেন, "মিয়াদাঁদ খুবই সাহায্য করছেন। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন অসাধারণ। এখনো আমাকে ব্যাটিং নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। কোচ হিসেবে চীনের ক্রিকেটে এসব পরামর্শ আমি কাজে লাগানোর চেষ্টা করি।
চীন ২০১০ সালের এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নেয়।
গুয়াংজু স্টেডিয়াম দেয়া হয়েছে চীন ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (সিসিএ)। এই স্টেডিয়ামটি নিয়ে স্বপ্ন দেখছেন রশিদ। তিনি বলেন, "গুয়াংজু স্টেডিয়ামটি এখন সিসিএ'র। এখানে শীর্ষ দলগুলোর বিপক্ষে কয়েকটি সিরিজ আয়োজনের চেষ্টা করবো।"
আপাতত পাকিস্তানের যুব বা 'এ' দলের বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫৫ ঘ.
bdnews24